খুঁজুন
, ,

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে দুটি নৌকাসহ ৭ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মাছ ধরার সময় পিতা-পুত্রসহ ৭ জেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

 

আটক জেলেরা হলেন- টেকনাফ শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা আলী আহমেদ ও তার দুই ছেলে নুরুল আবসার ও আব্দুর রহিম, এবং সাবরাংয়ের লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুর আহমেদের ছেলে সাব্বির আহমেদ, গুরা মিয়ার ছেলে নুর আহমদ, মুকুল আলীর ছেলে গুরা মিয়া, নুরু মিয়ার ছেলে আব্দুল মোতালেব।

 

স্থানীয় জেলে আরাফাত রহমান জানান, বৃহস্পতিবার সকালের দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীতে ১০-১৫টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে জেলেরা মাছ ধরছিলেন। এ সময় রাখাইন সীমান্ত থেকে আসা আরাকান আর্মির সদস্যরা দুটি নৌকাসহ ৭ জন জেলেকে আটক করে নিয়ে যায়।

 

আটক জেলেদের মধ্যে একই পরিবারের তিনজন সদস্যও রয়েছেন বলে তিনি জানান।

 

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইনামুল হাফিজ নাদিম জানান, আরাকান আর্মির হাতে জেলে আটকের বিষয়টি তিনি শুনেছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।

রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া
শেয়ার করুন

নির্বাচিত সরকারকে আট মাসে বোর্ডিং পাস দেখাও, লন্ডন দেখাও, ভিসা দেখাও। আমরাও বলি, রেডি হও জামায়াতে ইসলামী, পাকিস্তান তোমাদের উপযুক্ত জায়গা, তোমাদের পাকিস্তান পাঠানো হবে। বোর্ডিং পাস ঠিক কর—এমন মন্তব্য করেছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

 

শনিবার (৭ নভেম্বর) বিকাল ৩টায় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পাপিয়া।

 

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে যে দেশের বিরোধিতা করেছে, সেই বিরোধিতাকারীর শক্তি হবে বাংলাদেশের নায়ক আর মুক্তিযোদ্ধার সন্তান। প্রজন্ম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যাব ভারত আর লন্ডন। এটা কখনোই হতে পারে না। কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না।’

 

তিনি বলেন, খাসির মাংস খাবেন বলে যদি কুকুরের মাংস খান, এটা কি ঠিক হবে? ইসলাম মনে করে, মৃত্যুর আগে কেউ যদি জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লায় ভোট দেন। জামায়াতে ইসলামীর মধ্যে ইসলামের কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই, কোনো নমুনা নেই।

 

পাপিয়া বলেন, সামনে নির্বাচন, স্থানীয় নির্বাচন। এই নির্বাচনে মা-বোনদের বলতে চাই, আর ভুল করবেন না, বিরিয়ানির প্যাকেট আর নেবেন না। নতুন নতুন বোরখা আর নেবেন না, দুইশ টাকা দিয়ে… শফিক সাহেবের সভায় আর আসবেন না।

 

এ সময় তিনি বলেন, বিএনপি আপনাদের সংগঠন, আপনাদের কথা ভাবে। আপনাদের মুখের হাসির জন্য যা যা করতে হয়, তাই তাই বিএনপি করে।

 

জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ। এ সময় জেলা যুবদলের আহ্বায়ক তাবিউল ইসলাম তারিফ উপস্থিত ছিলেন।

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
বিএনপির কর্মসূচিতে বেজে উঠল ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’
শেয়ার করুন

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণায় বেজে ওঠে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি।

শনিবার (৭ নভেম্বর) ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকে আগ্রাবাদেও মাইকে গান বাজানো হচ্ছিল। একপর্যায়ে সেখানে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি বেজে ওঠে।

মাইকে গানটি বাজানোর ৩৬ সেকেন্ডের একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, বিএনপির কর্মসূচিতে অসতর্কতাবশত গানটি বেজে উঠেছিল। তবে বিএনপির নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখলেও ঘটনার বিস্তারিত তাদের জানা নেই।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। পাশের সড়কে চলাচল করছে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা গণমাধ্যমে বলেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে দলের কর্মসূচিতে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল গণমাধ্যমে বলেন, বিএনপির কর্মসূচিতে অন্য একটি গান বাজানোর ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলেছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান বাজানো হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই এক পর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে দ্রুত গানটি বন্ধ করে দেয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।

প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
প্রতি ইউনিয়নে নিয়োগ দেওয়া হবে নারী গ্রাম পুলিশ, থাকবে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি
শেয়ার করুন

নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নারী গ্রাম পুলিশের মাতৃত্বকালীন ছুটি ছয় মাস করা হয়েছে বলেও জানান তিনি।

 

আজ শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ঘোষণা দেন।

 

এ সময় গ্রাম পুলিশের পরিচয় পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মহল্লাদার হচ্ছেন গ্রাম পুলিশ এবং দফাদার হচ্ছেন গ্রাম পুলিশ প্রধান।’

 

তিনি বলেন, জনগণের নিরাপত্তা বিধানে দেশের প্রতিটি ইউনিয়নে গ্রাম পুলিশ সক্রিয় ভূমিকা রাখছে। তৃণমূল পর্যায়ে কোথায় কী ঘটছে, কারা অপরাধে যুক্ত হচ্ছে কিংবা কোথায় পরিস্থিতির অবনতির আশঙ্কা রয়েছে, এসব বিষয়ে গ্রাম পুলিশের আগাম তথ্য পাওয়ার সুযোগ রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তারা জনগণের নিরাপত্তায় তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি দেশের প্রতিটি গ্রাম বা প্রতিটি ইউনিয়ন নিরাপদ থাকলে বাংলাদেশ নিরাপদ থাকবে। তৃণমূল জনগোষ্ঠীর শান্তি ও স্বস্তি থাকলে বাংলাদেশ শান্তি ও স্বস্তিতে থাকবে।’

 

গ্রামীণ জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে গ্রাম পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতি এখনো গ্রামীণ জীবনের বাস্তবতাকে কেন্দ্র করে গড়ে উঠছে। একটি উন্নত, সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গড়তে গ্রামীণ জনগোষ্ঠীর শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করা জরুরি।