খুঁজুন
, ,

৪০০ সরকারি গাছ কাটার অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৫৪ অপরাহ্ণ
৪০০ সরকারি গাছ কাটার অভিযোগে বহিষ্কার যুবদল নেতা
শেয়ার করুন

সরকারি ৪ শতাধিক গাছ কাটার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে’ শিরোনামে দৈনিক কালবেলায় সংবাদ প্রচারের পর ‍দলীয় পদ হারিয়েছেন সেই জসিম উদ্দিন। শনিবার (৩১ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভোলা জেলা সভাপতি মো. জামাল উদ্দিন লিটন ও সাধারণ সম্পাদক মো. আবদুল কাদের সেলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়।

মো. জসিম উদ্দিন ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি। এছাড়া তিনি রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকও।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা, দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থি কাজের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সভাপতি জসিম উদ্দিনকে তার প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেয়া হয়।

অভিযোগ উঠেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে উপজেলার কর্তারহাট থেকে রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্ত করতে কিছু গাছ কাটার প্রয়োজন দেখা দিলে উপজেলা রেঞ্জ কর্মকর্তাকে চিঠি দিয়ে কাটার উপযোগী গাছের সংখ্যা ও সম্ভাব্য মূল্য নির্ধারণের নির্দেশনা দেন ইউএনও। নির্দেশনা অনুযায়ী সরেজমিন পরিদর্শন করে ২৪টি গাছ কাটার প্রয়োজনীয়তা নির্ধারণ করা হয়। তবে কোনো ধরনের টেন্ডারের আগেই রেইনট্রি, মেহগনি ও চাম্বুলসহ বিভিন্ন প্রজাতির চার শতাধিক গাছ কেটে নিয়ে যান যুবদল নেতা জসিম উদ্দিন। ওইসব গাছের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

তবে অভিযোগের বিষয়ে রমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সদ্য বহিষ্কৃত সভাপতি জসিম উদ্দিন জানান, গাছ কাটার সঙ্গে তিনি জড়িত নন। রাজনৈতিক প্রতিপক্ষরা তার সুনাম ক্ষুণ্ন করতেই এই অপপ্রচার চালাচ্ছে।

এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, সড়কের পাশের ওইসব গাছ কাটার জন্য কোনো টেন্ডার দেওয়া হয়নি। তারপরও একটি চক্র গাছ কেটে নিচ্ছে বলে অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:০০ পূর্বাহ্ণ
কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, চার গুণীজনকে সম্মাননা
শেয়ার করুন

কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী, গুণিজন সংবর্ধণা, সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) শহরের আলীর জাহালের সায়মা ওশান সিটির সম্মেলন কক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং,

দৈনিক কক্সবাজারের পরিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম এবং কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা, কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী, অ্যাডভোকেট আব্দুর রহিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সমির পাল ও জেলা বাপার সভাপতি জাফর আলম।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচএম ফরিদুল আলম শাহীন, জ্যেষ্ঠ সহসভাপতি রুহুল আমিন সিকদার ও সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন।

 

অনুষ্ঠানে সাংবাদিকতায় পেশাগত অবদান ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চার গুণীজনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। তাঁরা হলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এমএম সিরাজুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং, দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক ও কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম এবং দৈনিক প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস রানা।

প্রধান অতিথি এমএম সিরাজুল ইসলাম বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সমাজের অসংগতি তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই পেশার মর্যাদা রক্ষায় সত্যনিষ্ঠা, নীতিনৈতিকতা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্যে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও প্রথম আলো সাংবাদিক আব্দুল কুদ্দুস রানা বলেন, শুধু সাংবাদিক পরিচয় থাকলেই হবে না, পেশাগত নিয়মনীতি ও নৈতিকতা মেনে চলার মানসিকতাও থাকতে হবে। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে নিজের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর পাশাপাশি সাংবাদিকতার মৌলিক শিক্ষা ও নীতিমালা অনুসরণ করতে হবে।

আব্দুল কুদ্দুস রানা বলেন, ২০০৪ সালের ১১ নভেম্বর তাঁদের উদ্যোগেই কক্সবাজার জেলা প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। কাদের ভাই, শাহীন ভাই, অ্যাডভোকেট আয়াছ ভাইসহ কয়েকজন মিলে সংগঠনটি গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠার পর সংগঠনটি সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সবার মুখে মুখে ছিল প্রেসক্লাবের নাম। সংগঠনটি আবারও সেই অবস্থানে ফিরে যাক এবং আগের মতো সম্মান ও সুনাম অর্জন করুক এটাই তাঁর প্রত্যাশা।

সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ২২০ উল্লেখ করে তিনি বলেন, পুরো জেলার এতসংখ্যক সাংবাদিক একটি সংগঠনের সঙ্গে যুক্ত থাকা বড় বিষয়। তবে সাংবাদিকতা করতে হলে পেশার নিয়ম-শৃঙ্খলা, বিধিনিষেধ ও নীতিমালা জানতে হবে এবং মেনে চলতে হবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা ধরনের লোভ-লালসা ও আর্থিক প্রলোভন রয়েছে। যারা এসব প্রলোভনের ঊর্ধ্বে উঠতে পারবেন না, তাঁদের সাংবাদিকতা পেশায় আসা উচিত নয়। জীবিকা নির্বাহের জন্য দেশে আরও অনেক পেশা রয়েছে।

সাংবাদিক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার জীবন ও কর্মের উদাহরণ টেনে মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতার আদর্শ ও মর্যাদা প্রতিষ্ঠায় আগের প্রজন্মের সাংবাদিকেরা অনেক ত্যাগ, কষ্ট ও সংগ্রাম করেছেন। মানুষের কাছে সাংবাদিকতা পেশাকে সম্মানের আসনে প্রতিষ্ঠিত করতে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে অনেক ক্ষেত্রে সাংবাদিকতার সেই আদর্শ ও মূল্যবোধ প্রশ্নবিদ্ধ হচ্ছে।

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ২:২৮ পূর্বাহ্ণ
নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ
শেয়ার করুন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। তিনি নিজেই পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগটি সামনে এনেছেন। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও ফেসবুক পোস্টে একই দাবি করেছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে প্রথমে নুসরাত তাবাসসুম নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে, যেখানে পোস্টে দাবি করা হয়েছে, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য নুসরাত তাবাসসুম এমপির কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে আওয়ামী সন্ত্রাসীরা।

কক্সবাজারে আওয়ামী লীগের তৎপরতা, হার্ডলাইনে যাচ্ছে পুলিশ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:০০ পূর্বাহ্ণ
কক্সবাজারে আওয়ামী লীগের তৎপরতা, হার্ডলাইনে যাচ্ছে পুলিশ
শেয়ার করুন

রামুর বাইপাসে চলন্ত বাসে ককটেল নিক্ষেপ, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে ব্যানার টাঙ্গিয়ে তালা, টেকনাফে মশাল মিছিলে বিজিবির সদস্যকে গুলি, সদর উপজেলার বাস টার্মিনালে বাসে আগুনসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের তৎপরতায় নতুন করে ভাবিয়ে তুলেছে প্রশাসনকে।

 

জানা গেছে, জেলার ৫টি উপজেলার ১৭ টি এলাকায় প্রকাশ্যে ব্যানার নিয়ে মিছিল করেছে যুবলীগ ও ছাত্রলীগ। ফলে ডিসেম্বরে আওয়ামী লীগের ডেটলাইন ঘিরে প্রশাসনের প্রস্তুতি নিয়ে সন্দিহান খোদ ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা।

 

তবে পুলিশ সুপার আনম সাজেদুর রহমান বলছেন, কক্সবাজারের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশ তৎপর রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ কোন সংগঠন যেন আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে সে ব্যাপারে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে। জেলার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপ, রাতে মিছিল ও অগ্নিসংযোগকারীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। নাশকতা, বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর কর্মসূচি নিয়ে শিগগিরই মাঠে নামবে পুলিশ ।

 

এদিকে জেলার বিভিন্ন স্পর্শকাতর স্থাপনা যানবাহন ও গুরুতৃপূর্ণ স্থানে প্রকাশ্যে একেরপর এক মিছিল-বিক্ষোভ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

 

বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট অনেকে বলছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সমাবেশ, বিক্ষোভ মিছিল, ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন-হামলার ঘটনায় সর্বত্র আতষ্ক বিরাজ করছে। এ নিয়ে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

জেলা বিএনপির মুখপাত্র ও দপ্তর সম্পাদক মো ইউসুফ বদরী জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ সংগঠন হিসাবে মাঠে যেভাবে তৎপরতা চালিয়েছে, বিশেষ করে চকরিয়া, রামু, টেকনাফ ও সদরে -তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতংক বিরাজ করলেও আমরা দলীয় নেতাকর্মীরা মাঠে সজাগ থাকায় তেমন দৃশ্যমান হয়নি। তাদের কর্মকান্ড সাধারণ মানুষ ভালোভাবে গ্রহন করেনি। এটিকে আমরা বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছি।

 

তিনি বলেন, ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা কর্মসূচি পালন করবে। আমরা ডিসেম্বরকে নিয়ে মাথা ঘামাচ্ছি না। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নির্দেশনা, বিশেষ করে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলা বিএনপি ডিসেম্বরজুড়ে নানা কর্মসূচি পালন করবে। পলাতক শেখ হাসিনা ডিসেম্বরে যে প্রত্যাবর্তনের কথা বলছেন সেটা ‘আকাশ-কুসুম’ কল্পনা।

 

তিনি প্রশাসনকে এ বিষয়ে সজাগ থাকার আহবান জানান।

 

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্বত্র বিক্ষোভ মিছিল ও অশ্নিসংযোগের ভিডিও থাকলেও জড়িতদের গ্রেফতার বা প্রতিৱোধে অনেকটাই অন্ধকারে আইনশৃঙলা বাহিনী। যেসব স্থানে হামলা, আশ্নিসংযোগ, ককেটল বিক্ষোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটছে এর মধ্যে কিছু ঘটনাস্থল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। বিশেষ করে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসারের অফিসের সামনে, টেকনাফ পৌরসভার এলাকায় , রামুর চা বাগান প্রধান সড়কে, উখিয়ার থাইনখালী প্রধান সড়কে, কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার অভ্যন্তরে সিসিটিভি থাকলেও অগ্নিসংযোগে ও ককটেল নিক্ষেপ, বিক্ষোভে জড়িতদদের সনাক্ত এবং গ্রেপ্তারে পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

 

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার জানান, কক্সবাজারের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে জেলা পুলিশ তৎপর রয়েছে। গত কয়েক দিনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের ঘটনাগুলো পুলিশ মনযোগ সহকারে তদন্ত করছে। বিশেষ করে চকরিয়া, রামু, টেকনাফ এবং সদরে ককটেল নিক্ষেপ, রাতের আঁধারে ব্যানার নিয়ে মিছিলকারীদের সনাক্ত করতে কাজ করছে পুলিশ। ইতিমধ্যে অনেককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে তা এখনই প্রকাশ করা সম্ভব হচ্ছে না। ডিসেম্বর ঘিরে আওয়ামীলীগের যে ডেডলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সে ব্যাপারেও পুলিশ সতর্ক রয়েছে। মাঠে সব ধরনের বিশৃঙ্খলা ও নাশকতামূলক কাজের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে নানা পরিকল্পনা নিয়ে মাঠে নামবে পুলিশ। ইতোমধ্যে সকল থানায় প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) দেবদূত মজুমদার।