খুঁজুন
, ,

মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; নিচ্ছে আবেদন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:০৬ অপরাহ্ণ
মনের মানুষের খোঁজে ‘সিঙ্গেলরা’ বিনামূল্যে যেতে পারবেন ফিনল্যান্ড; নিচ্ছে আবেদন
শেয়ার করুন

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রায়ই শীর্ষে থাকা ফিনল্যান্ড, ২০২৭ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সম্পূর্ণ খরচ-বহনকৃত ‘ব্লাইন্ড ডেটিং’ অভিজ্ঞতায় অংশ নিতে বিশ্বজুড়ে সিঙ্গেলদের আহ্বান জানাচ্ছে।

 

“ফিনিশ ডিনার ডেট” নামের এই প্রচারণাটি শুরু করেছে দেশটির পর্যটন বোর্ড ‘ভিজিট ফিনল্যান্ড’। এর মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক ভ্রমণকারীদের ফিনল্যান্ডের খাদ্য সংস্কৃতির সাথে পরিচিত করানো এবং একই সাথে নতুন রোমান্টিক সঙ্গী খুঁজে নেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া।

 

সংবাদমাধ্যম ফোর্বসের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ৯ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই ট্রিপটির জন্য ১৬ জন সিঙ্গেল প্রাপ্তবয়স্ককে নির্বাচন করা হবে।

 

অংশগ্রহণকারীরা ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী রন্ধনশিল্প ঘুরে দেখবেন, আঞ্চলিক নানা সুস্বাদু খাবারের স্বাদ নেবেন এবং হেলসিঙ্কি ও লেকল্যান্ড অঞ্চলের তামপেরে শহরে স্থানীয় ফিনিশ সিঙ্গেলদের সাথে বিশেষ গ্রুপ ডিনার ডেটে অংশ নেবেন।

 

খাবারের তালিকায় থাকবে ফিনল্যান্ডের ঐতিহ্যবাহী নানা উপাদান ও খাবার, যার মধ্যে রয়েছে বুনো মাছ, রকমারি বেরি ফল এবং বন থেকে সংগৃহীত মাশরুম। ফিনল্যান্ডের খাবার, প্রকৃতি এবং ঋতুভিত্তিক উপাদানের মধ্যকার গভীর সম্পর্ক ফুটিয়ে তুলতে দেশের শীর্ষস্থানীয় কিছু শেফ এই বিশেষ নৈশভোজগুলোর মেনু তৈরি করবেন।

 

বিজনেস ফিনল্যান্ডের ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগের সিনিয়র ডিরেক্টর হেলি জিমেনেজ এক বিবৃতিতে বলেন, ‘ফিনিশ খাবার হলো আমাদের সুপরিচিত সুখী জীবনযাত্রার এক প্রত্যক্ষ প্রতিফলন—যার মাধ্যমে স্থান, ঋতু এবং চারপাশের মানুষের সাথে সম্পর্ক ও মেলবন্ধন তৈরি হয়।’

 

তিনি আরও বলেন, ‘খাবার ফিনদের একসূত্রে বাঁধে, আর এবার আমরা ভ্রমণকারীদের এক অনন্য ও ব্যতিক্রমী উপায়ে আমাদের সাথে যোগ দেওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।’

 

এই প্রচারণাটির ধারণা নেওয়া হয়েছে ‘সিংকুকোরি’ নামক একটি ফিনিশ ডেটিং রীতি থেকে। এই রীতিতে কিছু সুপারমার্কেটে গোলাপি রঙের শপিং বাস্কেট ব্যবহার করা হয়—যার মাধ্যমে বোঝানো হয় যে ক্রেতা সিঙ্গেল এবং তিনি নতুন কারো সাথে আলাপচারিতা বা সম্ভাব্য রোমান্টিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

 

পর্যটন বোর্ডের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক দর্শনার্থীদের ফিনল্যান্ডের খাদ্য সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া। তাদের মতে, অন্যান্য ইউরোপীয় ও বৈশ্বিক ঐতিহ্যবাহী খাবারের তুলনায় ফিনল্যান্ডের খাবার কিছুটা উপেক্ষিতই থেকে গেছে।

 

জিমেনেজ বলেন, ‘সাওনার খাদ্য সংস্কৃতি থেকে শুরু করে বন থেকে প্রাকৃতিক উপাদান সংগ্রহের ঐতিহ্য—ফিনিশ রন্ধনশিল্পের প্রতিটি গল্পই অনন্য, যা অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা চাই দর্শনার্থীরা যেন সেই গল্পের পুরো অভিজ্ঞতাটিই উপভোগ করতে পারেন।’

 

এই উদ্যোগটি খাদ্য পর্যটনের সাথে সামাজিক মেলামেশা ও পরিচয়ের এক চমৎকার সমন্বয় ঘটিয়েছে। আন্তর্জাতিক পর্যটন বোর্ডের আনুষ্ঠানিক বিবৃতি অনুযায়ী, এই ডিনার ডেটগুলো হবে অত্যন্ত অনানুষ্ঠানিক ও প্রাণবন্ত গ্রুপ ইভেন্ট, যেখানে অংশগ্রহণকারীরা একসাথে নৈশভোজে অংশ নেবেন এবং ফিনল্যান্ডের আনুষ্ঠানিক টেস্ট মেকিং মেনুর স্বাদ উপভোগ করবেন।

 

‘ফিনিশ ডিনার ডেট’-এর জন্য যারা আবেদন করতে পারবেন

ফিনল্যান্ডের বাসিন্দা নন—বিশ্বের যেকোনো দেশের ১৮ বছর বা তার বেশি বয়সী সিঙ্গেল প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এতে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়াটি ব্যক্তিগতভাবে সম্পন্ন করতে হবে।

 

আবেদন করতে আগ্রহীদের ইংরেজিতে একটি সংক্ষিপ্ত ভিডিও রেকর্ড করতে হবে, যেখানে এই প্রশ্নের উত্তর দিতে হবে, ‘একটি ডিনার ডেটে আপনি কী পরিবেশন করবেন এবং কেন?’ এরপর ভিডিওটি “হ্যাশট্যাগ ফিনিশ ডিনার ডেট” ব্যবহার করে এবং ভিজিট ফিনল্যান্ড-কে ট্যাগ করে ইনস্টাগ্রাম, টিকটক বা ইউটিউবের মতো কোনো পাবলিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করতে হবে।

 

আবেদনের শেষ সময় ফিনিশ সময় ১০ নভেম্বর সকাল ১১:৫৯ মিনিট। নির্বাচিত অংশগ্রহণকারীদের নাম ১ ডিসেম্বরে ‘ভিজিট ফিনল্যান্ড’-এর ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে ঘোষণা করা হবে।

 

পর্যটন বোর্ড নির্বাচিত অংশগ্রহণকারীদের বিমান ভাড়া, থাকা- খাওয়া এবং ভ্রমণের সব কার্যক্রমের সম্পূর্ণ খরচ বহন করবে।

ফটোসাংবাদিককে আটকে বিএনপি নেতা বললেন ‘প্যান্ট খুলে তল্লাশি করা হোক’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ
ফটোসাংবাদিককে আটকে বিএনপি নেতা বললেন ‘প্যান্ট খুলে তল্লাশি করা হোক’
শেয়ার করুন

ঢাকার নবীনগর-চন্দ্রা সড়কের কবিরপুর এলাকায় হেনস্তার শিকার হয়েছেন দৈনিক আগামীর সময়ের ফটোসাংবাদিক মহুবার রহমান। একটি পোশাক কারখানার সামনে ছবি তুলতে গিয়ে নিরাপত্তাকর্মী ও ব্যবস্থাপকের তোপের মুখে পড়েন তিনি। কেড়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। পরে তাকে আটকে রেখে খবর দেওয়া হয় স্থানীয় এক বিএনপি নেতাকে। ওই নেতা এসে ফটোসাংবাদিককে প্যান্ট খুলে তল্লাশির হুমকি দেন।

 

ঘটনাটি আজ মঙ্গলবার দুপুরের। এদিন ন্যূনতম মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছিল। কবিরপুর এলাকায় ছবি ও ভিডিও নিতে গিয়েছিলেন মহুবার। গিয়ে দেখতে পান টানা কয়েক দিনের আন্দোলনের মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক সেখানে। কাজে ফিরেছেন পোশাকশ্রমিকদের অনেকেই। প্রথমে ইকোটেক্স গার্মেন্টসের সামনে তাদের কর্মস্থলে ফেরার ছবি নেন। আশানুরূপ না হওয়ায় যান একটু দূরে, পলমল গার্মেন্টসের সামনে। সেখানে চলছিল দুপুরের খাবারের বিরতি। শ্রমিকরা কারখানা থেকে বেরোবার সময় সড়ক বিভাজকে দাঁড়িয়ে ছবি ও ফুটেজ নেন তিনি।

 

এমন সময় কারখানার এক নিরাপত্তাকর্মী মহুবারকে ছবি তোলা শেষে দেখা করে যেতে বলেন। পরে ফটকের সামনে গেলে তার কাছে ছবি তোলার অনুমতি আছে কিনা জানতে চাওয়া হয়। মহুবার প্রশ্ন করেন, কারখানার বাইরের ছবি তুলতে অনুমতি নিতে হবে কেন? তিনি শুধু শ্রমিকদের বের হওয়ার ছবি ও ফুটেজ নিয়েছেন।

 

এরপর কারখানার ব্যবস্থাপকদের একজন তাকে জিজ্ঞাসাবাদ করে জানিয়ে মহুবার বলেন, ‘ওই ব্যবস্থাপক আমাকে পাশের একটি ফটকের সামনে নিয়ে যান। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও ছাড়েনি। তিনি আমাকে কারখানার ভেতরে নিতে চাপ দিচ্ছিলেন। রাজি না হওয়ায় পাশের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে আমাকে আটকে রেখে ফোন কেড়ে নেওয়া হয়। মুছে দেওয়া হয় ফোনে থাকা ছবি ও তাদের কথোপকথনের ভিডিও।’

 

এ সময় ওই ব্যবস্থাপক ফোন করে সেখানে স্থানীয় এক বিএনপি নেতাকে আসতে বলেন। মহুবারের অভিযোগ, ‘ওই নেতা এসে বলে, ‘প্যান্ট খুলে তল্লাশি করা হোক।’ পরে আমার ব্যাগ খুলে ক্যামেরাসহ অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করা হয়। তবে ক্যামেরায় নেওয়া ছবিগুলো পরীক্ষা করা হয়নি।’

 

এরপর ফোনটি ফেরত দিলেও তাকে জোর করে কারখানার ভেতরে নেওয়া হয়। সেখানে প্রায় ১৫ মিনিট অবরুদ্ধ রাখার পর তাকে ছেড়ে দেওয়া হয়।

 

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম আগামীর সময়কে বলেন, ‘দুপুরে স্থানীয় সাংবাদিকের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠাবার কথা ছিল। তবে তিনি আগেই ছাড়া পান।’ এ ঘটনায় অভিযুক্তদের এখনো শনাক্ত করা যায়নি বলেও উল্লেখ করেন তিনি।

দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার হবেন ‘গ্রাম পুলিশ’

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার হবেন ‘গ্রাম পুলিশ’
শেয়ার করুন

ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনী সংক্রান্ত বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধন এনেছে সরকার। এখন থেকে ইউনিয়ন পরিষদের ‘দফাদার’ পরিচিত হবেন ‘গ্রাম পুলিশ প্রধান’ নামে আর ‘মহল্লাদার’ পরিচয় পাবেন ‘গ্রাম পুলিশ’ নামে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. বোরহান উদ্দীনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন সিনিয়র সহকারী সচিব আতিকুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৯৬ ও ৪৮ ধারায় দেয়া ক্ষমতাবলে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) গ্রাম পুলিশ বাহিনীর গঠন, প্রশিক্ষণ, শৃঙ্খলা ও চাকরির শর্তাবলি সম্পর্কিত বিধিমালা, ২০১৫-এর সংশোধন করা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, মূল বিধিমালার সর্বত্র ব্যবহৃত ‘দফাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ প্রধান’ এবং ‘মহল্লাদার’ শব্দের পরিবর্তে ‘গ্রাম পুলিশ’ শব্দ প্রতিস্থাপন করা হয়েছে।

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: রিয়াদসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি: রিয়াদসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দিয়ে সাবেক সংসদ সদস্য (এমপি) শাম্মি আহম্মেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি এবং ১০ লাখ টাকা চাঁদা নেওয়ার মামলায় আবদুর রাজ্জাক ওরফে রিয়াদসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পিটিআই। আগামী ১০ নভেম্বর মামলার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

 

মঙ্গলবার (৩ নভেম্বর) আদালত সূত্রে এতথ্য জানা গেছে।

 

সম্প্রতি মামলাটির তদন্ত কর্মকর্তা পিবিআই পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ফিরোজ আহমেদ মুন্সী এই চার্জশিট দাখিল করেন।

 

চার্জশিটের বাকি আসামিরা হলেন- জানে আলম অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন এবং অপর আসামি এক জন শিশু। মামলার ছয় আসামিই এখন জামিনে আছেন।

 

এছাড়াও, এই মামলায় আসামিদের মধ্যে আবদুর রাজ্জাক ও জানে আলম অপু আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

 

২০২৫ সালের ২৭ জুলাই গুলশান থানায় মামলাটি করেন আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহম্মেদের স্বামী সিদ্দিক আবু জাফর (৭৫)।

 

মামলার অভিযোগ অনুযায়ী, বাদীর গুলশান-২-এর ৮৩ নম্বর সড়কের বাসায় তার স্ত্রী সাবেক এমপি শাম্মি আহম্মেদকে গ্রেপ্তারে পুলিশের সঙ্গে অভিযান চালান আসামিরা। তাকে না পেয়ে পুলিশ চলে যায়। এরপর আবার সেই বাসায় গিয়ে শাম্মির স্বামীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং ১০ লাখ টাকা চাঁদা আদায় করেন আসামিরা।

 

২৬ জুলাই বিকেলে বাকি ৪০ লাখ টাকা আনতে ওই বাসায় যান আসামিদের কয়েকজন। বাদী তৎক্ষণাৎ গুলশান থানায় খবর দেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আবদুর রাজ্জাক, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, ইব্রাহিম হোসেন ও কিশোর আমিনুল ইসলামকে আটক করে। পরে গ্রেপ্তার হন জানে আলম অপু।

 

চার্জশিটে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আসামিরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সক্রিয় কর্মী হিসেবে পরিচয় দিয়ে চাঁদাবাজি করতেন।

 

সমন্বয়ক পরিচয়ের সুযোগ নিয়ে তারা নিয়মিত থানায় যাতায়াত করতেন। বিভিন্ন মামলার আসামি আওয়ামী লীগ সংশ্লিষ্ট নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাদের অবস্থান–সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদানের লক্ষ্যে সহযোগিতা করে পুলিশের সঙ্গে সখ্য গড়ে তোলেন তারা।

 

পরে মামলার আসামিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অগোচরে বিভিন্ন লোকজনকে আওয়ামী লীগের দোসর, সহযোগী বা সমর্থক আখ্যা দেন এবং তাদের মামলা, গ্রেপ্তার ও হয়রানির ভয় দেখিয়ে চাঁদা দাবি ও চাঁদা গ্রহণ করেন।

 

আদালতে দেওয়া স্বীকারোক্তিতে আসামি আবদুর রাজ্জাক ওরফে রিয়াদ চাঁদার টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। জবানবন্দিতে তিনি নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে পরিচয় দেন।

 

বিভিন্ন সময় ‘ফ্যাসিবাদী লোকজনকে’ গ্রেপ্তারের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি।

 

জবানবন্দিতে রিয়াদ বলেন, ২০২৫ সালের ১৭ জুলাই রাতে শাম্মী আহমেদ গুলশানের বাসায় আছেন, এমন খবর পেয়ে তারা থানায় যান। পরে পুলিশের একটি দল তাদের সঙ্গে নিয়ে ওই বাসায় অভিযান চালায়। সেখানে শাম্মীকে পাওয়া যায়নি।

 

রিয়াদ আদালতকে বলেন, বাসা থেকে ফেরার সময় জানে আলম অপু একটি ইয়ারপড নিয়ে এসেছিলেন। সেই ইয়ারপডে লেখা ছিল ‘শাম্মি ইয়ারপড’। সেটি ফেরত দেওয়ার জন্য তারা পরে আবার ওই বাসায় যান। অপু পানি খাওয়ার অজুহাতে ভেতরে ঢোকেন।

 

এরপর বাদীকে বলা হয়, তারা বুঝতে পারছেন তার স্ত্রী বাসায় আছেন এবং তাকে পুলিশে ধরিয়ে দেওয়া হবে। বাদী টাকা দিতে রাজি হলে প্রথমে ৫০ লাখ টাকা চাওয়া হয়। বাদী ১০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা তাতে রাজি হন। পরে সেই টাকা নিয়ে তারা তার বাসায় গিয়ে সমান ভাগ করে নেন।

 

বাকি ৪০ লাখ টাকা আদায়ের বিষয়ে রিয়াদ বলেন, ২৬ জুলাই বিকেল ৫টায় তিনি ইব্রাহিম হোসেন, সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে ওই বাসায় পাঠান।

 

তার ভাষ্যমতে, পুলিশ তাকে ফাঁদে ফেলার জন্য বাসায় যেতে বলে। তখন তিনি গোলচত্বরে অবস্থান করছিলেন। পুলিশের কথা বিশ্বাস করে ঘটনাস্থলে যাওয়ার পর বাদী থানায় খবর দেন। পুলিশ এসে তাদের হাতেনাতে আটক করে।

 

জবানবন্দির শেষে রিয়াদ বলেছেন, ‘আমি গরিবের ছেলে। আমি টাকার লোভ সামলাতে পারিনি। আমি ক্ষমা চাই।’