খুঁজুন
, ,

স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম মহানগর ডেস্ক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে আওয়ামী লীগ: শফিকুল আলম মহানগর ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশলের ফাঁদে আওয়ামী লীগ পা দিয়েছে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব লিখেন, অনেকে প্রশ্ন করেন সালাহউদ্দিন আহমদ কেন আগাম কোনো পদক্ষেপ নেননি আওয়ামী লীগের বিরুদ্ধে। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। এ কৌশল নিঃসন্দেহে অনেকের মনে বিস্ময়ের জন্ম দিয়েছিল। কিন্তু বলতে হয় নিখুঁতভাবেই কাজ করেছে পরিকল্পনা অনুযায়ী কৌশলটি।

শফিকুল আলম লিখেন, দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িসহ আরও বহু মানুষের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগ করেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করেছে। এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ- এটা সত্য। অনেকে মনে করেন এতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন একটি ধারণাও জনমনে সৃষ্টি হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ। আর আওয়ামী লীগ সেই ফাঁদেই পা দিয়েছে।

‘পাঁচজনের মৃত‍্যু ,অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত তাহলে কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? এ ছাড়া তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না’, যোগ করেন সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি লিখেন, এটা ঠিক যে পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য তারা রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে। সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চল ছাড়িয়ে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি। পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা এরইমধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।

‘এদিকে আওয়ামী লীগকে আরও রাজনৈতিকভাবে মোকাবিলা করতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর প্রতি বৃহত্তর ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। এটি ছিল এক অসাধারণ রাজনৈতিক চাল, যার জন্য আওয়ামী লীগ ও তার বিদেশি প্রভুরা প্রস্তুত ছিল না’, যোগ করেন শফিকুল আলম।

Surf Excel Advertisement
জামায়াতের আমির দ্রুত এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উল্লেখ করে শফিকুল আলম লিখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে বসেন। এর ঠিক পরদিনই জামায়াত ও তাদের মিত্ররা বিরোধীদের মোকাবিলায় ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করে।

‘আওয়ামী লীগ ও তাদের ভাষ্যকাররা দাবি করতে পারেন, এই রাজনৈতিক ঐক্য আসলে আওয়ামী লীগের পুনরুত্থানের প্রতিক্রিয়া মাত্র। কিন্তু সংসদে থাকা দলগুলো বাস্তবে যা অর্জন করেছে – তা অভূতপূর্ব। এটি হলো নির্বাচনের পর থেকে যে রাজনৈতিক ঐক্যের অভাব ছিল, সেটির একটি দৃশ্যমান চিত্র তুলে ধরা। এই ঐক্যের ফলে আওয়ামী লীগের সামনে কৌশলগত খুব কম সুযোগই রয়েছে। এখন তাদের সামনে দুটি পথ—হয় সহিংসতা আরও বাড়ানো, নয়তো ক্রমশ গভীর রাজনৈতিক গুরুত্বহীনতার মুখোমুখি হওয়া। কার্যত আওয়ামী লীগ এখন এমন একটি পরিস্থিতিতে পড়েছে, যেখানে সহিংসতা বাড়াতে গেলে তার পরিণতি আরও ভয়াবহ হতে পারে’, যোগ করেন তিনি।

তিনি মনে করেন, সরকার ও বিরোধী দলগুলোকে কোনো রাজনৈতিক সমঝোতায় বাধ্য করতে চাইলে এখন তাদের সামনে সহিংসতার মাত্রা আরও বাড়ানো ছাড়া আর কোনো পথ নেই। আর আওয়ামী লীগের অতীত ইতিহাস বিবেচনায় নিলে, এমন পথে হাঁটা তাদের জন্য খুব কঠিন হওয়ার কথা নয়।

‘কিন্তু আরও হত্যাকাণ্ড এবং আকস্মিক হামলা দলটিকে সাধারণ মানুষের কাছ থেকে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অন্যদিকে, বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটলে তীব্র জনরোষ কিংবা গণপ্রতিশোধের আশঙ্কা তৈরি হতে পারে। আওয়ামী লীগ কোনো গেরিলা বাহিনী নয়। তাই এই সংঘাত বাড়ানোর কৌশল তাদের জন্য বহন করা সম্ভব নয়। আওয়ামী লীগের পলাতক নেতৃত্ব যত দ্রুত বিষয়টি উপলব্ধি করবে, মাঠপর্যায়ে তাদের কর্মীদের জন্য ততই মঙ্গল হবে’, যোগ করেন শফিকুল আলম।

সময় দ্রুত ফুরিয়ে আসছে জানিয়ে তিনি লিখেন, মূলত জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করার জন্য আওয়ামী লীগের হাতে রমজান পর্যন্ত সময় রয়েছে। তাদের নেত্রী যদি দেশে ফিরতে চান, তাহলে এর মধ্যেই তাকে দেশে ফেরার একটি পথ খুঁজে বের করতে হবে।

‘বিএনপি সরকার তাকে দেশে ফিরিয়ে নেবে না, যদি না তাকে প্রত্যর্পণের মাধ্যমে ফিরিয়ে আনা হয়। শ্রীরাধা দত্ত উল্লেখ করেছেন, ভারত কখনোই তাকে প্রত্যর্পণ করবে না। কারণ, ভারতের সবচেয়ে প্রিয় বিদেশি স্বৈরশাসককে প্রত্যর্পণের কারণে সৃষ্ট রাজনৈতিক সংকট সামাল দেয়ার সামর্থ্য বিজেপির নেই! রমজানের পর আসবে বর্ষাকাল। তখন হাসিনা এবং কলকাতায় আশ্রয় নেয়া আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের বিষয়ে ভারতের অবস্থান নতুন করে পর্যালোচনা করা ছাড়া দেশটির সামনে খুব বেশি বিকল্প থাকবে না’, যোগ করেন তিনি।

তিনি আরও মনে করেন, সম্ভবত তাদের নীরবে পশ্চিমা দেশগুলোতে, বিশেষ করে যুক্তরাজ্যে আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হবে। হাসিনা বুঝতে পারবেন, পশ্চিমা ও ভারতীয় সংবাদমাধ্যম তার পরিচিত ও বারবার বলা রাজনৈতিক বয়ানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। এমনকি তাকে নীরব থাকার পরামর্শও দেয়া হতে পারে। এটি হবে ঢাকার প্রতি একটি ইঙ্গিত—নয়াদিল্লি এখন তারেক রহমানের আনুষ্ঠানিক সফর গ্রহণের জন্য প্রস্তুত। আর ড. শফিকুর রহমানের কথা-বাংলাদেশের বিরোধীদলীয় নেতার ২০২৯ সালের কোনো এক সময়ে আধা-সরকারি সফরে নয়াদিল্লি যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

কক্সবাজারে রুম টু রিড’র আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন,শিশুবিয়ে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৪০ অপরাহ্ণ
কক্সবাজারে রুম টু রিড’র আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপন,শিশুবিয়ে প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান

কক্সবাজারে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষার অধিকার নিশ্চিত, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং মেয়েদের ক্ষমতায়নে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেলে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে রুম টু রিড বাংলাদেশের জেন্ডার ইকুয়্যালিটি পোর্টফোলিও (জিইপি)।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর পরিচালক (নিবন্ধন ও অডিট) ও যুগ্মসচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান। সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

 

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান বলেন, কন্যাশিশুদের বড় স্বপ্ন দেখতে এবং আত্মবিশ্বাস, অধ্যবসায় ও দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে উৎসাহিত করতে হবে। জীবনের লক্ষ্য অর্জনে পরিশ্রম ও ইতিবাচক মানসিকতার বিকল্প নেই।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, বিদ্যালয় থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা কন্যাশিশুদের আগেই শনাক্ত করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ কমিটির হটলাইন নম্বর সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করতে হবে, যাতে হয়রানির ঘটনায় দ্রুত অভিযোগ ও প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়।

 

বিশেষ অতিথির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ মেয়েদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং স্বপ্ন বাস্তবায়নে পরিবার, বিদ্যালয় ও প্রশাসনের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্ব দেন।

 

জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক আফসানা বেগম কক্সবাজারসহ দেশের নয়টি জেলায় রুম টু রিডের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বিদ্যালয়ে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, নিয়মিত উপস্থিতি নিশ্চিত এবং নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরিতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানে রুম টু রিড বাংলাদেশের প্রোগ্রাম অপারেশনস ডিরেক্টর বদরুজ্জামান বাদল স্বাগত বক্তব্য দেন। সংস্থাটির কক্সবাজার অফিসের ম্যানেজার চিত্তপ্রিয় আচার্য্য তাদের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরেন। এ সময় জিইপি কার্যক্রমের সহায়তায় জীবনে ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা তুলে ধরেন একজন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থী।

 

এ ছাড়া এসএসসি উত্তীর্ণ জিইপি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয় ও অংশীজনদের সম্মাননা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে কক্সবাজারের ছয়টি কলেজ ও ১৮টি বিদ্যালয়ের প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন সহযোগী, সাংবাদিক এবং রুম টু রিড বাংলাদেশের প্রতিনিধিসহ মোট ১৯০ জন অংশ নেন।

 

অনুষ্ঠান থেকে কন্যাশিশুর শিক্ষা, অধিকার, নিরাপত্তা ও ক্ষমতায়ন নিশ্চিত করার পাশাপাশি শিশুবিয়ে প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান: রিজভী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান: রিজভী

আওয়ামী লীগকে ‘জাতীয় শয়তান’ আখ্যা দিয়ে দলটির নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, তাদের মধ্যে মানবতা ও ভালোবাসা নেই। রাজনীতি মানেই তারা মনে করে মানুষ খুন করা, যারা তাদের বিরুদ্ধে আছে, তাদের ধ্বংস করে দেওয়া।

রোববার (২২ নভেম্বর) স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিলে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, পার্লামেন্টে আইন করা উচিত, আওয়ামী লীগ জাতীয় শয়তান। এখন থেকে তাদেরকে জাতীয় শয়তান হিসেবে বিবেচনা করবো, আর শয়তানের কোথাও কোনো জায়গা নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ন্যায়বিচারের পক্ষে। তাই যারা জনগণের সঙ্গে দুশমনি করেছে, যারা জাতীয় শয়তান হিসেবে জনগণের কাছে বিবেচিত, তাদের এই দেশে নতুন করে রাজনীতি করার কোনো সুযোগ নেই।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যারা অপরাধ করছে, যারা আগুন লাগাচ্ছে, যারা সন্ত্রাসী কাজ করছে, যারা ককটেল ও বোমা বিস্ফোরণ ঘটাচ্ছে, তাদের আইনের আওতায় এনে আইনসম্মতভাবে বিচার করা হবে।

তিনি আরও বলেন, সরকারপ্রধান তারেক রহমান চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সবাইকে নিষ্ঠুরভাবে দমন করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি। যারা অপরাধ করছে, রক্ত চুষে নিচ্ছে, এই রক্তচোষা জোঁকদের আইনের আওতায় এনে বিচার করা দরকার।

রিজভী বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাস্তায় রাস্তায় পাহারা দেবেন। যাতে ওই জাতীয় শয়তানদের চলাচলের ওপর তারা নজর রাখতে পারেন। কারণ তারা সর্বনাশা ধ্বংসেই মেতেছে। তারা ১৭ বছর ধরে অনেক টাকা আয় করেছে। টাকার অভাব নেই। তাদের ওয়ার্ড পর্যায়ের একজন নেতারও টাকার কোনো শেষ নেই।

হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
হাসিনার প্রবেশের পথ খুঁজতে সীমান্তে চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারতে তৎপরতা শুরু করেছেন দেশটিতে আশ্রয় নেওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তার দেশে ফেরার সুবিধাজনক রুট নির্ধারণে রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পর্যবেক্ষণ করেন দলটির শীর্ষস্থানীয় চার নেতা। পরে প্রায় দুই ঘণ্টা ধরে রুদ্ধদ্বার বৈঠক করেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই চারজন হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

পেট্রাপোল সীমান্ত থেকে এশিয়া পোস্টের কলকাতা প্রতিনিধি জানান, সকাল ৯টার দিকে কলকাতার নিউটাউন এলাকা থেকে যাত্রা করেন চার নেতা। দুপুর ২টার দিকে তাদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি টয়োটা ফরচুনার গাড়িতে ছিলেন চার নেতা। পরে সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে পেট্রাপোল ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন। সীমান্ত এলাকায় প্রবেশ ও বের হওয়ার সময় গণমাধ্যমকর্মীদের নজর এড়াতে সচেষ্ট ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা।

টয়োটা ফরচুনার একটি গাড়িতেই ছিলেন ওই চার নেতা। ছবি: কারঅ্যান্ডবাইক
টয়োটা ফরচুনার একটি গাড়িতেই ছিলেন ওই চার নেতা। ছবি: কারঅ্যান্ডবাইক

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টিভি৯-এর খবরে বলা হয়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিশ্চিতে একটি রুটের ওপর ভরসা না করে বিকল্প রুট নিয়েও চিন্তাভাবনা চলছে। এর অংশ হিসেবে পেট্রাপোলের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও ঘুরে দেখবেন আওয়ামী লীগ নেতারা।

আগামী মঙ্গলবার তাদের ত্রিপুরা সীমান্তে যাওয়ার কথা রয়েছে। পরদিন রাজ্যের মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত পুরো পথ ও সীমান্ত এলাকা পর্যবেক্ষণ করবেন তারা।

নিউজ ১৮ ও এই সময়-এর খবরে বলা হয়, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া জানতে চেয়ে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে অনুরোধ জানিয়েছে ভারত। তবে ১০ দিন পেরিয়ে গেলেও ঢাকা থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, শুধু একটি রুটের ওপর নির্ভর না করে বিকল্প ব্যবস্থা খোলা রাখতে চায় আওয়ামী লীগের নেতারা। এ কারণে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত খতিয়ে দেখা হচ্ছে।

তবে এ বিষয়ে দলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা শেখ হাসিনার প্রত্যাবর্তনের সুনির্দিষ্ট দিনক্ষণ প্রকাশ করা হয়নি।