খুঁজুন
, ,

কক্সবাজার জাগো নিউজ- সিজেএন এর ২য় বর্ষপূর্তি উদযাপন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
কক্সবাজার জাগো নিউজ- সিজেএন এর ২য় বর্ষপূর্তি উদযাপন

“সংবাদে সততা, সাংবাদিকতায় দায়িত্বশীলতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জাগো নিউজ (সিজেএন)-এর ২য় বর্ষপূর্তি ও তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জাগো নিউজ-সিজেএনের সম্পাদক এম আর মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা বেগম স্বপ্না। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোকতার আহমেদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, দৈনিক গণসংযোগ পত্রিকার প্রধান সম্পাদক ও সমাজকর্মী আদনান সাউদ, আরাফাত রহমান কোকো পরিষদ কক্সবাজারের আহ্বায়ক নাছির উদ্দিন বাচ্চু, জেলা তাঁতীদলের সদস্য সচিব ও জার্নাল স্টারের চেয়ারম্যান মোরশেদ আলম, জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক কেফায়েত উল্লাহ এবং জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ নুর জিতু।

এছাড়াও উপস্থিত ছিলেন টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কক্সবাজারের সভাপতি ও বাংলা ভিশন টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোর্শেদুর রহমান খোকন, সংগঠনটির সাধারণ সম্পাদক ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমানুল হক বাবুল, সিবিএনের নির্বাহী সম্পাদক ইমাম খাইর, সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি আজিজ রাসেল, এসএ টিভির জেলা প্রতিনিধি আহসান সুমন, দৈনিক পূর্বকোণের জেলা প্রতিনিধি এরফান হোসাইন, সিবিএনের বার্তা সম্পাদক ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক শাহেদ মিজান, গ্রীণ টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ খাঁন, টিটিএনের সহ-জ্যেষ্ঠ সম্পাদক শাহেদ হোসাইন মুবিন এবং কক্সবাজার সংবাদ ও সিজেএনের সিনিয়র স্টাফ রিপোর্টার আনোয়ার হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এখন টিভির ক্যামেরা সাংবাদিক মুহাম্মদ রাসেল, আরটিভির ক্যামেরা সাংবাদিক ফেরদৌস আলম, সিপিএনের বার্তা সম্পাদক আজিম, সাংবাদিক ফরিদ, সিবিএনের আরিফ, সিপিএনের মনির আহমেদ, জার্নাল স্টারের জালাল এবং দৈনিক গণসংযোগের স্টাফ রিপোর্টার জামশেদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

এ সময় কক্সবাজার জাগো নিউজের বার্তা সম্পাদক, প্রধান প্রতিবেদক ও স্টাফ রিপোর্টাররাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সংবাদমাধ্যমের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। সাংবাদিকতাকে কেবল পেশা হিসেবে নয়, বরং সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে বিবেচনা করতে হবে। বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা, সাহসিকতা ও পেশাগত নৈতিকতা বজায় রেখে কক্সবাজার জাগো নিউজকে আগামীতেও এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।

দুই বছরের পথচলায় কক্সবাজার জাগো নিউজের সঙ্গে যুক্ত থাকা সাংবাদিক, শুভানুধ্যায়ী, পাঠক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। পাশাপাশি আগামীতেও সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

বগুড়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ
বগুড়ায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নিলয় প্রাং জয় (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া। তিনি কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১১টা ৫০ মিনিটের দিকে কাহালু সদর ইউনিয়নের বুড়ইল উত্তরপাড়ায় তার নিজ বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনা পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে জেলা ছাত্রদল।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপপরিদর্শক মোছা. শামীমা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিলয়কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন ৫ দশমিক ৭ গ্রাম। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ তালিকামূলে জব্দ করা হয়।
গ্রেপ্তার নিলয় প্রাং জয় বুড়ইল উত্তরপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মোঃ নজরুল ইসলাম এবং মাতার নাম মোছা. নিলুফা ইয়াসমিন।

অভিযান শেষে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে কাহালু থানায় নিয়ে আসা হয় এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করা হয়।

উল্লেখ্য, নিলয় কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বলে স্থানীয়ভাবে পরিচিত।

এদিকে ঘটনার পরপরই সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বগুড়া জেলা ছাত্রদল। বগুড়া জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কাহালু সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নিলয় প্রামানিক জয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ আজ উক্ত সিদ্ধান্ত অনুমোদন করেন।’

গোপালগঞ্জে বন্ধ অসংখ্য মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীর অ্যাকাউন্ট

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে বন্ধ অসংখ্য মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহারকারীর অ্যাকাউন্ট

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, নগদ ও রকেটের অসংখ্য গ্রাহকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার গ্রাহকরা। বন্ধ হয়ে যাওয়া অ্যাকাউন্টের মধ্যে বেশিরভাগ গ্রাহক পুরুষ। এদিকে জরুরি প্রয়োজনে টাকা উত্তোলন, লেনদেন এবং বিল পরিশোধ করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার হাজারো মানুষ।
বুধবার (২৫) নভেম্বর সন্ধ্যা ৬টার পর থেকে জেলায় বসবাসকারী পুরুষদের নামে নিবন্ধিত অসংখ্য গ্রাহকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেসব অ্যাকাউন্ট বন্ধ রয়েছে।

বন্ধ হয়ে যাওয়া বিকাশ অ্যাকাউন্ট সম্পর্কে জানতে বিকাশের হেল্পলাইনে যোগাযোগ করা হলে বিকাশের পক্ষ থেকে বলা হয়েছে ‘MFS বিধিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই মুহূর্তে এ বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না বলে দুঃখিত।’ এ বিষয়ে আরও জানতে চাইলে বিকাশ থেকে জানানো হয়, ‘অধিকতর তদন্তের স্বার্থে আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে সরেজমিনে জেলা শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায়, বিকাশ ও নগদ ও রকেটের অধিকাংশ এজেন্ট দোকান বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো লেনদেন হচ্ছে না। একই চিত্র দেখা গেছে জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতেও। সকাল থেকেই সেবা নিতে আসা গ্রাহকেরা অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন।
গোপালগঞ্জ শহরের নিচু পাড়া এলাকার ইয়াহিয়া খান বলেন, আমি বিদ্যুৎ বিল সাধারণত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধ করে থাকি। আমার বিকাশ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিল দিতে পারিনি। আজ বিদ্যুৎ বিল দিতে ব্যাংকে গিয়েছিলাম, সময় শেষ হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিল দিতে পারি নাই। এতে করে আমার আরও তিন দিন অপেক্ষা করতে হবে।

জেলা শহরের নতুন বাজার এলাকার আকরাম মিয়া বলেন, আমার বিকাশ অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ছিল, অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। টাকা তুলতে না পেরে দৈনন্দিন কেনাকাটা করতে পারছি না। এতে করে আমি চরম ভোগান্তিতে পড়েছি।

এ বিষয়ে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ ছাড়া গোপালগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি ও ট্রেন চলাচলের নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তার কারণে বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী ‘রূপসী বাংলা এক্সপ্রেস’ ট্রেনের চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই কারণে খুলনা-ঢাকা রুটের ‘জাহানাবাদ এক্সপ্রেস’ ট্রেনের নির্ধারিত রুটের চলাচলও বাতিল করা হয়েছে। তবে বিকল্প পথে চলবে জাহানাবাদ এক্সপ্রেস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষের জারি করা এক পরিপত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’ বলে মন্তব‌্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন ক‌বির। বৃহস্প‌তিবার (২৬ ন‌ভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব‌্য করেন তি‌নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব‌লেন, ‘‘সে (‌শেখ হা‌সিনা) আসবে না ডিসেম্বরে। শেখ হাসিনা ডিসেম্বরে হয়ে যাবে ‘শেখ আসবে না’। প্রত্যর্পণ চু‌ক্তির মাধ্যমে তাকে হাতকড়া পরিয়ে দে‌শে আনা হবে, না হয় কড়া নজরদারীতে।’’

শেখ হা‌সিনাকে নিয়ে ভারত বিপদে রয়েছে উল্লেখ করে হুমায়ুন ক‌বির বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’

পরিস্থিতি বোঝাতে গিয়ে প্রতিমন্ত্রী উদাহরণ দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কাউকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানানোর পর যদি দেখা যায়, তিনি সেখানে এমন আচরণ করছেন এবং উল্টাপাল্টা কথা বলছেন যে তাঁকে বের করাও যাচ্ছে না, আবার তার আচরণ সহ্যও করতে হচ্ছে—তাহলে বিষয়টি বিরক্তিকর সমস্যায় পরিণত হয়।

প্রত্যর্পণের মাধ্যমে শেখ হা‌সিনা‌কে ফেরানো নিয়ে দুই দে‌শের আলোচনার প্রশ্নে হুমায়ুন ক‌বির বলেন, আমরা আমাদের অনুরোধ জানিয়েছি।