মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় রামুর শফিউল আলম নিহত
চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রামু উপজেলার চর লামারপাড়া গ্রামের মো. শফিউল আলম (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার উত্তর ইউটার্নের চট্টগ্রামমুখী লেন থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁর লাশ উদ্ধার করেছেন।
ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান দুমড়েমুচড়ে সড়কের ওপর উল্টে যায়। ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা শফিউল আলম মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে পিকআপ ভ্যানের চালক ও হেলপারকে। পুলিশ তাঁদের নাম তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোর সাড়ে পাঁচটার দিকে হঠাৎ বিকট শব্দে আশপাশের লোকজন সড়কে দুমড়েমুচড়ে থাকা পিকআপটি দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মিরসরাই ফায়ার স্টেশনের দলনেতা হায়াতুন নবী বলেন, “দুর্ঘটনার পর পিকআপটি চরমভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছেন। আমরা দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করি।”
কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শামীম হোসেন জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে। কোন ধরনের গাড়ির ধাক্কায় দুর্ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনায় শফিউল আলমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন