খুঁজুন
বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১ চৈত্র, ১৪৩২

দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলে-নাতনির
শেয়ার করুন

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

 

গতকাল সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বাঘারপাড়া উপজেলার যশোর-মাগুরা মহাসড়কের বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ।

 

এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, হতাহতরা আত্মীয়বাড়ি থেকে প্রাইভেট কারে যশোরের মণিরামপুরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের গাইদঘাটে পৌঁছলে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারালে একটি বটগাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।

 

 

এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

 

ঝিনাইদহের বারোবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন জানান, রাতেই মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে আনা হয়। এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু, গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতির জানাজা বুধবার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ণ
বিয়ের দাওয়াতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু, গর্জনিয়া ইউনিয়ন আ.লীগ সভাপতির জানাজা বুধবার
শেয়ার করুন

প্রতিদিনের মতোই স্বাভাবিকভাবে বের হলেন তিনি। মঙ্গলবার দুপুরে মাঝিরকাটা গ্রামের একটি বিয়ের আয়োজনেও অংশ নেন। খাবার খাওয়ার পর অসুস্থতা বোধ করলে গর্জনিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে পরপারে চলে যান।

 

রামুর গর্জনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউছুফ। তিনি সর্বমহলে কাঠ ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন।

 

গর্জনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও নাইক্ষ্যংছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির একাধিকবারের সদস্য ছিলেন। মৃত্যুকালে মোহাম্মদ ইউছুফের বয়স ছিল ৬২ বছর। স্ত্রী, দুই ছেলে ও চার কন্যা’সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন তিনি।

 

মরহুমের বড় ছেলে রিয়াজুল করিম রিফাত টিটিএনকে জানান- বুধবার সকাল সাড়ে দশটায় হাফেজখানা সংলগ্ন গর্জনিয়ার পূর্ববোমাংখিল বড় কবরস্থানে তাঁর বাবার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প!

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প!
শেয়ার করুন

ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালানোর সিদ্ধান্তের দায়ভার নিজের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের ওপর চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) ‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’ গোলটেবিল বৈঠকে তিনি জানান, হেগসেথই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা ছিলেন যিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পক্ষে ছিলেন।

 

ট্রাম্পের এই মন্তব্য ওয়াশিংটনে তীব্র আলোচনা সৃষ্টি করেছে, কারণ প্রশাসনের ভেতরে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন পরস্পরবিরোধী ব্যাখ্যা রয়েছে।

 

‘মেম্ফিস সেফ টাস্ক ফোর্স’-এর একটি গোলটেবিল বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন যে, হেগসেথই তার প্রশাসনের প্রথম শীর্ষ কর্মকর্তা যিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে সওয়াল হয়েছিলেন।

 

ট্রাম্প বলেন, ‘পিট, আমার মনে হয় আপনিই প্রথম সোচ্চার হয়েছিলেন এবং বলেছিলেন- চলুন এটা করি, কারণ আপনি তাদের পারমাণবিক অস্ত্র হাতে পেতে দিতে পারেন না।’

 

অভিযান অনুমোদনের আগের মুহূর্তগুলো বর্ণনা করতে গিয়ে ট্রাম্প বলেন যে, তিনি বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে ফোন করেছিলেন। তিনি বলেন, আমি পিটকে ফোন করেছিলাম। আমি জেনারেল কেইনকে ফোন করেছিলাম। আমি আমাদের অনেক দক্ষ মানুষকে ফোন করেছিলাম।’

 

মূলত ইরানের ক্রমবর্ধমান হুমকির মোকাবিলা করার বিষয়ে আলোচনার কথা উল্লেখ করেন তিনি।

 

 

ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন হামলার মাধ্যমে শুরু হওয়া এই যুদ্ধ এখন ইরান ও তার মিত্রদের জড়িয়ে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা এই অভিযানকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন উৎপাদন ক্ষমতা এবং নৌ-শক্তি ধ্বংস করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

 

পর্দার আড়ালের খবর অনুযায়ী, হামলা চালানো হবে কি না তা নিয়ে ট্রাম্প প্রশাসন দ্বিধাবিভক্ত ছিল। ট্রাম্প স্বীকার করেছেন যে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স- যিনি দীর্ঘকাল ধরে বিদেশের মাটিতে সামরিক হস্তক্ষেপের সমালোচনা করে আসছেন- এই অভিযানের ব্যাপারে খুব একটা উৎসাহী ছিলেন না। যদিও তিনি প্রকাশ্যে এর বিরোধিতাও করেননি।

 

অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্ব, যেমন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিডিয়া মোগল রুপার্ট মারডক, সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে উৎসাহ দিচ্ছিলেন বলে জানা গেছে। তবে কিছু উপদেষ্টা এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন।

চকরিয়ায় মসজিদের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
চকরিয়ায় মসজিদের পুকুর থেকে যুবতীর মরদেহ উদ্ধার
শেয়ার করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের পুকুর থেকে শাহেনা বেগম (২২) নামের এক যুবতীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বদরখালী ইউনিয়ন এর বদরখালী কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

 

নিহত শাহেনা বেগম মহেশখালী উপজেলার মাতারবাড়ি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের সর্দারপাড়া গ্রামের মৃত আবুল কাসেমের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী মসজিদের পুকুরে এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে। বিকেলে পুলিশ তাঁর পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়।

 

চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই ফরিদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি পুকুরে নামার পর আর উঠতে পারেননি। এ ঘটনায় একটি প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মরদেহটি নিহতের মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।