খুঁজুন
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬ বৈশাখ, ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে ‘হরমুজ’ আবার বন্ধের ঘোষণা ইরানের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:০৪ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে ‘হরমুজ’ আবার বন্ধের ঘোষণা ইরানের
শেয়ার করুন

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ অব্যাহত থাকায় ক্ষুব্ধ হয়ে হরমুজ প্রণালি বন্ধ করার ঘোষণা দিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো আজ শনিবার (১৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে ফারস নিউজ ও রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি জানিয়েছে, হরমুজ প্রণালি এখন থেকে পুনরায় ‘পূর্বের অবস্থায়’ ফিরে যাবে এবং সশস্ত্র বাহিনী পুরো এলাকাটি নিয়ন্ত্রণ করবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যায়িত করা হয় এবং বলা হয়, ইরানের বন্দর ও নৌপথে চলাচলে পূর্ণ স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা বহাল থাকবে।

এর আগে, ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছিলেন, মার্কিন অবরোধ অব্যাহত থাকলে এই জলপথ ‘উন্মুক্ত থাকবে না’। তার এমন পোস্টের পর এমন ঘোষণা দিয়েছে আইআরজিসি

উল্লেখ্য, বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে নতুন এই ঘোষণায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা তৈরি হবার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করলো কিশোর কল্যাণ সোসাইটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ করলো কিশোর কল্যাণ সোসাইটি
শেয়ার করুন

প্রতিষ্ঠার প্রায় তিন দশক পর প্রথমবারের মতো এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কিশোর কল্যাণ সোসাইটি। সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শতাধিক পরীক্ষার্থী অংশ নেয়।

সরকারি নিবন্ধিত সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন হিসেবে কিশোর কল্যাণ সোসাইটি দীর্ঘদিন ধরে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। একই সঙ্গে কিশোর-কিশোরীদের সামাজিক ও নৈতিক বিকাশে সংগঠনটি ধারাবাহিকভাবে ভূমিকা রেখে চলেছে। কিশোর ক্লাব পরিচালনা, মানবিক সহায়তা প্রদান, দুর্যোগকালীন সহায়তা কার্যক্রমসহ নানা উদ্যোগের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে স্থানীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে।

এ ধারাবাহিকতার অংশ হিসেবে এবারের উদ্যোগকে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি ওসমান গণি বলেন, “এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁন্দের পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবুল মনছুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল আলা শিবলী, হার্ভাড ইন্টারন্যাশনাল কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক এম. রশিদুল হক, উত্তরন মডেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক এইচএম এ বাদশা (এমবিএ), মো. ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোরশেদ আলম এবং কিশোর কল্যাণ সোসাইটির সহ-সভাপতি মো. হাবিব উল্লাহ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সভাপতি আবুল কাসেম ও নুরুল আবছার ভুট্টোসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোর কল্যাণ সোসাইটির কার্যকরী কমিটির সভাপতি ওসমান গণি এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন।

অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয় এবং তাদের সফলতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেল মিল মালিকের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৪৯ অপরাহ্ণ
ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা, বিস্ফোরণে প্রাণ গেল মিল মালিকের
শেয়ার করুন
বর্তমানে জ্বালানি সংকটের মধ্যে ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে প্রাণ গেল এক মিল মালিকের। ঘটনাটি ঘটেছে ফেনীর সোনাগাজীতে।

ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর আজ শনিবার (১৮ এপ্রিল) চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন সেই মিল মালিক নুর আলম মাসুদ (৪৫)। সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরটি তার পরিবার থেকে নিশ্চেত করা হয়েছে।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নজরুল প্রাইমারি এলাকায় বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির সময় অতিরিক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ ঘটনায় গুরুতর দগ্ধ হন নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বলেন, ‘বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর বিষয়টি জেনেছি এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ পুলিশ সদস্য নিহত
শেয়ার করুন

কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে খুলনা রেলওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার (দ্বিতীয় পর্যায়) খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ বলছে, নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৭)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শৈলেন বিশ্বাসের ছেলে। সম্রাট বিশ্বাসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান।

পুলিশ সুপার বলেন, আজ ভোরে অস্ত্রাগার (ম্যাগাজিন গার্ড) এলাকায় দায়িত্ব পালন করছিলেন সম্রাট বিশ্বাস। আনুমানিক ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ সুপার আহমেদ মাঈনুল হাসান বলেন, সম্রাট বিশ্বাস একজন ভালো ও কর্মঠ কনস্টেবল হিসেবে পরিচিত ছিলেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পারিবারিক বিভিন্ন কারণে তিনি হতাশায় ভুগছিলেন। তবে এ বিষয়ে তিনি সহকর্মীদের কাছে কখনো কিছু জানাননি।

মাঈনুল হাসান আরও বলেন, নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। স্বজনেরা এলে মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান