র্যাব-১৫ এর সাবেক অধিনায়ক (সিও) খাইরুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য ঘটনা প্রকাশ করায় কক্সবাজারের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ ডটকম (সিবিএন)-এর বার্তা সম্পাদক সাংবাদিক ইমাম খায়েরকে মোবাইল ফোনে গভীর রাতে মারাত্মক হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল ২৮ জুলাই (মঙ্গলবার) রাত ১১:৫৫ মিনিটে ‘০১৮৪০-৩৩৩৩৭৭’ নম্বর থেকে কল করে নিজেকে সাবেক সিও খাইরুলের আত্মীয় পরিচয় দিয়ে এই হুমকি প্রদান করা হয়। এই ঘটনায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের গণমাধ্যমকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ভুক্তভোগী সাংবাদিক ইমাম খায়ের জানান, বিগত ২০২১ সালের ১১ নভেম্বর রাতে র্যাব-১৫ ক্যাম্পে তার সহকর্মী ও সাংবাদিক নেতাদের সাথে তৎকালীন সিও খাইরুল অত্যন্ত বেআইনি, অশালীন ও জঘন্য আচরণ করেছিলেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে জীবনের নিরাপত্তা এবং তীব্র মৃত্যুভয়ে দীর্ঘ সময় এই জঘন্য ঘটনা তিনি প্রকাশ করতে পারেননি। উপরন্তু, ওই সময় তার বিরুদ্ধে একটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলা দায়ের করা হয়। সেই নিপীড়নমূলক মিথ্যা মামলায় সাংবাদিক ইমাম খায়ের এখনও নিয়মিত আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন, যা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনে চরম হয়রানি তৈরি করেছে।
সম্প্রতি বর্তমান সরকারের আইনানুগ ও যুগান্তকারী পদক্ষেপ দেখে সাহস পেয়ে একজন প্রত্যক্ষ ভুক্তভোগী হিসেবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে (Facebook) একটি সংক্ষিপ্ত স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আইনের পোশাকপরা আরেক জঘন্য অপরাধীর নাম RAB-15 এর তৎকালীন সিও খাইরুল। যার প্রমাণ আমি নিজেই।’
এই পোস্ট প্রকাশের পরপরই গতকাল গভীর রাতে উক্ত ‘০১৮৪০-৩৩৩৩৭৭’ মোবাইল নম্বর থেকে কল করে স্ট্যাটাসের কারণ ও প্রমাণের কথা জানতে চেয়ে তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরণের হুমকি-ধমকি দেওয়া হয়।
এদিকে একজন প্রতিষ্ঠিত পেশাদার সাংবাদিককে মিথ্যা মামলায় নিয়মিত হয়রানি করার পর, এখন আবার গভীর রাতে মোবাইল ফোনে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, স্বৈরাচারী আমলের অপরাধী চক্রের এই ধরণের আস্ফালন কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সাংবাদিক সমাজ অবিলম্বে এই হুমকিদাতার সঠিক পরিচয় শনাক্ত করে তাকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছে।
এদিকে সাংবাদিক ইমাম খায়ের তার জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই হুমকিদাতার পেছনে জড়িত মূল অপরাধী চক্রকে খুঁজে বের করতে দেশের গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিকট বিনীত ও জরুরি অনুরোধ জানিয়েছেন।

ইরফান উল হাসান
প্রকাশের সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬ । ৭:৩২ অপরাহ্ণ