কক্সবাজার-টেকনাফ মহাসড়কে দিনদুপুরে ডাকাতি: বিকাশ কর্মীদের কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট, গুলিবিদ্ধ ১

আব্দুল্লাহ আল সম্রাট:
প্রকাশের সময়: রবিবার, ২ আগস্ট, ২০২৬ । ৫:১৪ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার মহাসড়কের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজ এলাকায় দিনদুপুরে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে বিকাশের এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) গুলিবিদ্ধ হন।

ডাকাতরা বিকাশের তিনজন সেলসম্যানের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনের প্রায় ৫৭ লাখ টাকা লুট করে নিয়ে গেছে জানা যায়। তবে লুট হওয়া টাকার পরিমাণ তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চিত করেনি।

রোববার (২ আগস্ট) দুপুর ২টার দিকে ১৪নং ব্রীজের পাশে এই ঘটনা ঘটে।

বিকাশ এজেন্ট আবদুর করিম জানান, বিকাশের তিনজন সেলসম্যান ‘পালকী’ পরিবহনের একটি বাসে করে টেকনাফ বাস স্টেশন থেকে হ্নীলা ও হোয়াইক্যাং এলাকার বিভিন্ন বিকাশ এজেন্টের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন ১৪ নম্বর ব্রিজের কাছে সশস্ত্র একদল ডাকাত ফেরাগাছ ফেলে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসটির গতিরোধ করে। পরে তারা বিকাশের সেলসম্যান আল আরমানকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আহত আল আরমানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। বর্তমান তিনি পুলিশের হেফাজতে রয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন।

এদিকে, ব্যস্ত টেকনাফ-কক্সবাজার মহাসড়কে দিনদুপুরে এমন সংঘবদ্ধ ফিল্ম স্টাইলে ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পাওয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি লুট হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন