কক্সবাজারে অবৈধ পাহাড় কাটার মূল হোতা গ্রেফতার, পরিবেশ আইনে দুই মামলায় অভিযুক্ত

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ । ১০:২১ অপরাহ্ণ

কক্সবাজারে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশের ক্ষতিসাধনের অভিযোগে মামলার প্রধান আসামি খালেক প্রকাশ হালেক মাঝি (৫২)কে গ্রেফতার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট সকালে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিকাশ বিল্ডিং সংলগ্ন আলতাছের বাড়ির পেছনে অবৈধভাবে পাহাড় কাটার ঘটনায় ভূমি ও পরিবেশের মারাত্মক ক্ষতির অভিযোগে থানার পক্ষ থেকে মামলা দায়ের করা হয়। ওই মামলায় খালেক প্রকাশ হালেক মাঝিকে প্রধান আসামি করা হয়।

এরপর অভিযানে নেমে মঙ্গলবার (৪ আগস্ট) রাত ৮টা ৫ মিনিটে কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশের একটি দল।

গ্রেফতারকৃত খালেক মাঝি কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মধ্যম কলাতলী এলাকার মৃত মীর কাশেমের ছেলে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর থানায় দুটি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন