বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল, বন্ধ হয়ে যাচ্ছে শিশু থেকে বড়—সব বয়সী দর্শকের জনপ্রিয় বাংলা অ্যানিমেশন সিরিজ ‘গোপাল ভাঁড়’। তবে ভক্তদের জন্য স্বস্তির খবর হলো, সিরিজটি বন্ধ হচ্ছে না। বরং নতুন পর্ব নিয়ে ফিরছে ‘গোপাল ভাঁড়’, আর এবারের আয়োজন হবে বিশেষভাবে টানা ছয় ঘণ্টার।
টেলিভিশন সিরিজ হিসেবে নির্মিত ‘গোপাল ভাঁড়’ কৃষ্ণনগরের লোককাহিনির জনপ্রিয় চরিত্রকে কেন্দ্র করে তৈরি। ভারতীয় টেলিভিশন চ্যানেল সনি আট-এ প্রচারিত এই অ্যানিমেশন সিরিজটি অল্প সময়েই দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে হতাশ হয়ে পড়েন এর অসংখ্য ভক্ত। তবে শুক্রবার সনি আটের পক্ষ থেকে প্রকাশিত একটি প্রচারণামূলক পোস্টে সেই গুঞ্জনের অবসান হয়েছে।
পোস্টে জানানো হয়েছে, ‘গোপাল ভাঁড়’-এর নতুন পর্ব প্রচার হবে আগামী ১৫ আগস্ট সকাল ১১টায়, শুধু সনি আট-এ। পোস্টারে হাস্যরসাত্মক ভঙ্গিতে দেখা গেছে জনপ্রিয় এই চরিত্রকে। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এবারের বিশেষ আয়োজন।
এরপর প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে সনি আট জানিয়েছে, স্বাধীনতা দিবসে দেশপ্রেমের আবহে গোপালের নতুন কাণ্ডকারখানা দেখতে পাবেন দর্শকরা। বুদ্ধির কৌশলে শত্রুকে নাকাল করার পাশাপাশি হাসি-ঠাট্টায় জমে উঠবে আয়োজন। আর এ বিশেষ পর্ব চলবে টানা ছয় ঘণ্টা।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
চ্যানেলটির এই ঘোষণা থেকে স্পষ্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘গোপাল ভাঁড়’ বন্ধ হয়ে যাওয়ার খবরটি ভিত্তিহীন। ফলে জনপ্রিয় এই অ্যানিমেশন সিরিজের ভক্তদের জন্য আপাতত দুশ্চিন্তার কারণ নেই; বরং নতুন পর্বের অপেক্ষায় থাকতে পারেন তারা।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ । ১১:৩৬ অপরাহ্ণ