আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় : মাশরাফি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ৬:৫৮ অপরাহ্ণ

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। ম্যাচ শেষে ফেসবুকে দেওয়া পোস্টে মাশরাফি বিন মুর্তজা লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!’

দলগত নৈপুণ্যে পাওয়া এই ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একাধিক ক্রিকেটার। তাই কাকে রেখে কার প্রশংসা করবেন, যেন বুঝে উঠতে পারছিলেন না মাশরাফি।

 

 

 

তিনি লিখেছেন, ‘কার কথা বলব হাসান, তামিম, মিরাজ, শান্ত অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন। পূর্ণ শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো আমার দেখা বাংলাদেশের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।’

 

 

 

এই জয়ে সিরিজ হার এড়ানো নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে জয় কিংবা ড্র পেলেই নিশ্চিত হবে সিরিজ জয়।

 

 

 

মাশরাফি আরও লিখেছেন, ‘বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে। তবে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন