ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে ১২ মাদকসেবী আটক, উদ্ধার ইয়াবা সেবনের সরঞ্জামাদি

সিফাউল হাসান অনিক
প্রকাশের সময়: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ । ৪:০০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ১২ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়।

পুলিশ জানায়, গত ২৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রাতে ঈদগাঁও থানার এসআই (নিঃ) মো. আজিমুল হক পিপিএমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী ট্রান্সপোর্ট মাঠের পশ্চিম পাশ থেকে মাদক সেবনের প্রস্তুতিকালে ৩ জনকে আটক করা হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটে বটতলী বাজার সংলগ্ন ছেনোয়ারা প্লাজা হোটেলের নিচতলার ৩ ও ৪ নম্বর কক্ষ থেকে চক্রাকারে বসে মাদক সেবনরত অবস্থায় আরও ৯ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—

সোনা মিয়া (৫৫), মো. রাসেল (৩০), আব্দু শুক্কুর (৩৯), মো. হেলাল (১৯), মো. সোহেল (২২), সাইফুল ইসলাম (৩০), নুরুল আলম (২২), মো. ফয়সাল (২৭), মাহিউল ইসলাম (২০), মো. আব্দুল কাইয়ুম (২৩), মো. কায়সার (২০) ও মো. করিম (২৫)। তারা ঈদগাঁও উপজেলার ইসলামপুর ও ইসলামাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের হেফাজত থেকে ১টি ভাঙা ছুরি, ১৪টি লাল রঙের বোতলের ছিপি, ৩০টি ইয়াবা সেবনের ফ্লুয়েল পেপার, ১৩টি প্লাস্টিক পাইপ, ১টি চেকের গামছা এবং ১৪টি গ্যাস লাইটার উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৭ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঈদগাঁও থানা পুলিশ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন