ঈদগাঁও বাসস্টেশনে উঁচু ফ্লোর নির্মাণ নিয়ে উদ্বেগ

সিফাউল হাসান অনিক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ৯:১৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও বাসস্টেশন এলাকায় আনু মিয়া ফিলিং স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে উঁচু করে ফ্লোর নির্মাণের কাজ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কের স্বাভাবিক উচ্চতার তুলনায় ইট বসিয়ে জায়গাটি উঁচু করা হচ্ছে, এতে পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইতোমধ্যে ফিলিং স্টেশনের সামনের অংশে ইট বিছানোর কাজ শুরু হয়েছে। এ নির্মাণকাজের কারণে বৃষ্টির পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ঈদগাঁও বাসস্টেশনের উত্তর-পূর্ব দিকে কয়েকশ মিটার এলাকায় রয়েছে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, পানি নিষ্কাশনের ব্যবস্থা বাধাগ্রস্ত হলে এসব দোকান ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যেতে পারে। এতে ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

ব্যবসায়ীরা জানান, ঈদগাঁও বাসস্টেশন এলাকায় বর্ষা মৌসুমে এমনিতেই পানি জমে থাকে। এর মধ্যে নতুন করে পানি প্রবাহের পথ সংকুচিত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

স্থানীয়দের প্রশ্ন, মহাসড়ক সংলগ্ন জায়গায় এ ধরনের নির্মাণকাজ পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয়েছে কি না। পাশাপাশি নির্মাণকাজের ফলে জনসাধারণের চলাচল ও পানি নিষ্কাশন ব্যবস্থায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে কি না, তা যাচাইয়ের দাবি জানিয়েছেন তারা।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজের বৈধতা যাচাই এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তাদের আশঙ্কা, এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বর্ষায় জলাবদ্ধতা তৈরি হয়ে বাসস্টেশন এলাকার অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির মুখে পড়তে পারে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন