পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কক্সবাজারের রামুতে আয়োজিত তিনদিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবীর মাহফিলের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রাজারকুল ঘোনারপাড়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও গুলজারে মদিনা একতা সংঘের যৌথ উদ্যোগে সোমবার (২৫ আগস্ট) রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে তিনদিনব্যাপী এ আয়োজনের শেষ দিনের মাহফিল সম্পন্ন হয়।
মাহফিলে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মাহফিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবতার শিক্ষা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। বক্তারা রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার আহ্বান জানান।
মুফতি আবদুর রশিদ হক্কানী নক্সবন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী মাহফিলে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তরুণ ইসলামিক আলোচক মুফতি আবদুল আজিজ রজভী। মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবদুল্লাহ সাহেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হাবিব কোম্পানি। বিশেষ অতিথি ছিলেন এম ইউপি সাহাব উদ্দিন, দিদারুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত তিনদিনব্যাপী মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

রামু (কক্সবাজার)প্রতিনিধি:
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ । ১০:৩৩ অপরাহ্ণ