ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ১০:০৭ পূর্বাহ্ণ

সিঙ্গাপুর থেকে দেশে ফেরার পথে ঢাকায় এক ঘণ্টার যাত্রাবিরতি করেছেন ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক। বুধবার (২৬ আগস্ট) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই যাত্রাবিরতিকালে ভিভিআইপি লাউঞ্জে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাৎকালে ভুটানের রাজা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে রাজা ও রাজপরিবারকে উষ্ণ শুভেচ্ছা জানান। তিনি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভুটানের প্রথম স্বীকৃতির কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি ভুটানের সাবেক রাজা জিগমে সিংগে ওয়াংচুকের বাংলাদেশের প্রতি বিশেষ মমত্ববোধেরও প্রশংসা করেন রাষ্ট্রপতি।

 

 

 

দুই দেশের মধ্যে বিদ্যমান গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে উভয় নেতা শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বাড়ানোর ওপর জোর দেন। এ সময় ভুটানের রাজা তাঁর দূরদর্শী উদ্যোগ ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ প্রকল্প সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং এতে বাংলাদেশের অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন। এর জবাবে রাষ্ট্রপতি প্রকল্পটির গভীর প্রশংসা করে পারস্পরিক কল্যাণ, সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে এ অঞ্চলের রূপান্তরমূলক উদ্যোগগুলো এগিয়ে নিতে ভুটানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

 

 

 

সৌহার্দ্যপূর্ণ এই আলাপের এক পর্যায়ে উভয় নেতা একে অপরকে নিজ নিজ দেশে রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি ভুটানের রাজা ও রাজপরিবারের সদস্যদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে, জবাবে ভুটানের রাজাও বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান।

 

 

 

বিমানবন্দরে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রায় এক ঘণ্টার যাত্রাবিরতি শেষে সকাল সাড়ে ৬টার দিকে বিশেষ বিমানে করে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুক।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন