কক্সবাজার সমুদ্রসৈকতের জল তরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নেমে ঢাকার দুই পর্যটক ভেসে যাওয়ার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। বুধবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটকের নাম ইয়াছিন খান (২৫)। তিনি ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। তিনিও ঢাকার বাসিন্দা। তাকে উদ্ধারে সাগরে তল্লাশি চলছে।
জানা গেছে, পর্যটকরা প্রায় ১১০ জনের একটি বড় গ্রুপের সঙ্গে কক্সবাজারে আসেন। ২২ ও ২৪ আগস্ট দুই দফায় গ্রুপটির সদস্যরা কক্সবাজারে পৌঁছান। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।
গ্রুপের বেশিরভাগ সদস্য চাকরিজীবী। এছাড়া কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন বলে জানা গেছে।
এদিকে সাগরে গোসল করতে নেমে দুই পর্যটক ভেসে যাওয়ার ঘটনায় গ্রুপের অন্য সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিখোঁজ ইব্রাহিম খানকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এম এইচ আরমান
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৫:০৫ অপরাহ্ণ