কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে পর্যটক নিহত, নিখোঁজ আরও একজন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ । ৫:৩৪ অপরাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতের জল তরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নেমে পানির স্রোতে ভেসে গিয়ে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।

 

বুধবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

 

নিহত পর্যটকের নাম ইয়াছিন খান (২৫)। তিনি ঢাকার কোড়িল চৌরাস্তার মাথা এলাকার বাসিন্দা। পানিতে ভেসে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান (২৭)। তিনি ঢাকার বাসিন্দা। নিখোঁজ ইব্রাহিমের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

 

জানা গেছে, নিহত ও নিখোঁজ দুজনই একটি বড় পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে এসেছিলেন। গত ২২ ও ২৪ আগস্ট পর্যায়ক্রমে প্রায় ১১০ সদস্যের একটি দল কক্সবাজারে আসে। বর্তমানে তারা শহরের হোটেল বিস্তা বে-তে অবস্থান করছেন।

 

দলের অনেক সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের মধ্যে অনেকে আই জেট কেপি কোম্পানিতে কর্মরত বলে জানা গেছে। এছাড়া দলের কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন।

 

প্রাথমিকভাবে জানা গেছে, বুধবার দুপুরে জল তরঙ্গ পয়েন্টে সাগরে গোসল করতে নামার পর ইয়াছিন খান ও মোহাম্মদ ইব্রাহিম খান পানির স্রোতে ভেসে যান। পরে ইয়াছিনকে উদ্ধার করা সম্ভব হলেও ইব্রাহিম এখনো নিখোঁজ রয়েছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন