কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘দায়িত্বশীল শিক্ষাশিবির’ অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজকল্যাণ সম্পাদক অধ্যক্ষ নূরুল হোসাইন সিদ্দিকী ও টেকনাফ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিক উল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনাফ সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সদ্য সাবেক সভাপতি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি আব্দুর রহিম নূরী।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, “আল্লাহ তায়ালা মানুষকে খলিফা হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাই আল্লাহর খলিফা হিসেবে রাসূল (সা.)-এর দেখানো পথে মানুষকে আহ্বান করতে হবে। এ কাজে যত বিপদ-মুসিবত আসুক, ধৈর্য ও দৃঢ় সাহসিকতার সঙ্গে তা মোকাবিলা করতে হবে।”
তিনি আরও বলেন, “বিগত নির্বাচনে এ এলাকার মানুষ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছিল। এ কৃতজ্ঞতাস্বরূপ এখানকার মানুষের সার্বিক বিপদাপদে পাশে থাকতে হবে। পাশাপাশি জুলুমের উৎখাত ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রামে আরও গতি আনতে হবে।”
শিক্ষাশিবিরে অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সভাপতি মাওলানা ফরিদুল আলম ও মাওলানা ইউনুস আনসারী, সহ-সেক্রেটারি সরওয়ার আলম ও মোহাম্মদ আলম, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম (সাবেক ইউপি সদস্য), বায়তুলমাল সেক্রেটারি আব্দুস শাকুর ডালিম, সমাজকল্যাণ সেক্রেটারি নুর মোহাম্মদ, অফিস ও প্রচার সেক্রেটারি তাসলিম উদ্দিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ । ৮:২৮ অপরাহ্ণ