কক্সবাজারের পূর্ব বাজার ঘাটা তথা বার্মিজ মার্কেট এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে কয়েকটি মার্কেট।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বৌদ্ধ মন্দির সড়কের প্রবেশমুখে আবু সেন্টারের পাশের একটি ট্রান্সফরমারে আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বৈদ্যুতিক ও ইন্টারনেটের তারের জটলা থেকেই আগুনের সূত্রপাত।
এ সময় ট্রান্সফরমারের আশপাশে ঝুলে থাকা প্লাস্টিকের ব্যানার-ফেস্টুন আগুনের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ বিভাগের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ ফায়ার এক্সটিংগুইশার ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেলেও ঘনবসতিপূর্ণ এ এলাকায় ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ, তারের জটলা ও দাহ্য ব্যানার-ফেস্টুন অপসারণে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

মোহাম্মদ আবান
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ । ৩:৩৬ অপরাহ্ণ