প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনে চৌফলদন্ডী ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে ১৫১ সদস্যবিশিষ্ট ‘চৌফলদন্ডী সম্মিলিত নাগরিক কমিটি’ গঠন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে চৌফলদন্ডীকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, ওয়ার্ড প্রতিনিধি, শিক্ষার্থী, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় বক্তারা চৌফলদন্ডী ইউনিয়নকে কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। একই সঙ্গে এ দাবির যৌক্তিকতা, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নবগঠিত কমিটিতে সর্বসম্মতিক্রমে প্রফেসর ড. সিরাজুল হক শাহজাহান, প্রফেসর ড. মোস্তফা কামাল, প্রফেসর ড. মোস্তফা কামিল, অধ্যাপক রহমত সালাম, অধ্যাপক আজিজুল হক, অধ্যাপক আব্দুর রহিম, অধ্যাপক জয়নাল আবেদিন, এডভোকেট মোহাম্মদ মোস্তফা, এডভোকেট আয়াছুর রহমান, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট নুরচ্ছবিহ, এডভোকেট মনজুরুল আলম, এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম, এডভোকেট আনিসুল মাওলা আরজু, এডভোকেট শেফাউল কারিম রানা, এডভোকেট নুর কামাল, এডভোকেট বাপ্পি শর্মা, এডভোকেট ফয়সাল, এডভোকেট জসিম উদ্দিন, এডভোকেট মনির উদ্দিন আজাদ, এডভোকেট মোহাম্মদ করিম তাজ, এডভোকেট ছলিম উল্লাহ, এডভোকেট নাজিফা আনজুম, এডভোকেট সাইফুল ইসলাম, এডভোকেট সালাউদ্দিন, এডভোকেট ইয়াসিন আরফাত ইমন ও এডভোকেট মহিব উল্লাহকে উপদেষ্টা করা হয়েছে।
সভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোস্তফা কামালকে আহ্বায়ক, মঞ্জুর আলম (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) কে সদস্য সচিব এবং কাজী সুরুত আলমকে অর্থ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক কর্মকান্ড এবং কক্সবাজার শহরের সঙ্গে চৌফলদন্ডী ইউনিয়নবাসীর নিবিড় যোগাযোগ বিবেচনায় নিয়ে ইউনিয়নটিকে প্রস্তাবিত কক্সবাজার সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তারা বলেন, চৌফলদন্ডী কক্সবাজার শহরের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। শহরের সঙ্গে এর মানুষের শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চাকরি ও অন্যান্য অর্থনৈতিক কর্মকান্ডের মাধ্যমে দীর্ঘদিনের নিবিড় যোগাযোগ রয়েছে। ফলে নগর সম্প্রসারণের পরিকল্পনায় চৌফলদন্ডীকে অন্তর্ভুক্ত করা হলে এলাকার নাগরিক সুবিধা ও অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল হবে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:৫২ অপরাহ্ণ