কক্সবাজারে পুলিশের অভিযানে ‘শীর্ষ ছিনতাইকারী’ গ্রেপ্তার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৯:১৮ অপরাহ্ণ

কক্সবাজার শহরে ছিনতাইকারী গ্রেপ্তারে বিশেষ অভিযান চালিয়ে ইব্রাহিম বিন কাশেম ওরফে সম্রাট (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত সম্রাট শহরের একজন শীর্ষ ছিনতাইকারী এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

পুলিশ জানায়, ছিনতাইকারী গ্রেপ্তারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সদর মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় কক্সবাজার পৌরসভার বাজারঘাটা এলাকায় অভিযান চালিয়ে ইব্রাহিম বিন কাশেম ওরফে সম্রাটকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার ইব্রাহিম বিন কাশেম ওরফে সম্রাট কক্সবাজার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পানবাজার, বাটা রোড এলাকার বাসিন্দা। তিনি মৃত আবুল কাশেমের ছেলে।

 

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সম্রাটের বিরুদ্ধে কক্সবাজার সদর ও টেকনাফ থানায় মামলা রয়েছে। এর মধ্যে কক্সবাজার সদর থানার এফআইআর নং-৯/৯, তারিখ ৫ জানুয়ারি ২০২৫; ধারা ৩৯৯/৪০২, দ্য পেনাল কোড, ১৮৬০ এবং টেকনাফ থানার এফআইআর নং-৬৭/৫৮১, তারিখ ১৯ জুন ২০২২; ধারা ৪৫৭/৩৮০, দ্য পেনাল কোড, ১৮৬০।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

 

পুলিশের ভাষ্য, কক্সবাজার শহরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন