উখিয়ায় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ, পুলিশের অভিযানে উদ্ধার ফেরিওয়ালা

মো: সাঈদ হোছাইন মিল্লাত
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় ১০ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহৃত এক ফেরিওয়ালাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।

 

পুলিশ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল স্কুলের সামনে থেকে একটি হাইস মাইক্রোবাসে করে মোহাম্মদ ইব্রাহিম নামে এক ফেরিওয়ালাকে তুলে নিয়ে যায় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি। পরে তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৬-এর শফিউল্লাহ কাটা এলাকায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া যায়।

এরপর অপহরণকারীরা ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন নম্বর থেকে তার বড় ভাই আব্দুল হালিমকে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

ঘটনার পর ভিকটিমের চাচাতো ভাই মো. শরীফ উখিয়া থানায় একটি নিখোঁজ জিডি করেন।

জিডির ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দিনভর কিলো ও মোবাইল ডিউটিতে থাকা এসআই উনুমং মারমা, এএসআই দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

পুলিশের দাবি, অভিযানের বিষয়টি টের পেয়ে অজ্ঞাতনামা অপহরণকারীরা ভিকটিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে মোছারখোলা নামক এলাকা থেকে মোহাম্মদ ইব্রাহিমকে **কোনো ধরনের মুক্তিপণ ছাড়াই অক্ষত অবস্থায় উদ্ধার** করা হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন