কক্সবাজারের চকরিয়ায় ভিমরুলের কামড়ে গুরুতর আহত ৪ বছর বয়সী শিশু নুরুল হক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ (রবিবার) বিকাল ৪টার দিকে তার মৃত্যু হয়।
নিহত নুরুল হক চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের শান্তিনগর ২ নম্বর ওয়ার্ড শালবাগান এলাকার ছিদ্দিক আহমেদের ছেলে।
জানা গেছে, ভিমরুলের আক্রমণে নুরুল হক, তার বোন ফাতেমা (১১) এবং একই এলাকার বাসিন্দা রাসেলের মেয়ে তাসমিন (৩) আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।
নিহত নুরুল হকের বোন ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শিশু তাসমিন বর্তমানে চকরিয়া উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো: রিদুয়ানুল হক
প্রকাশের সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ । ১০:১৫ অপরাহ্ণ