স্কুলের প্রথম দিনেই ইসরায়েলি হামলায় প্রাণ গেল ৮ বছরের ওয়াফার

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ । ৪:২৩ অপরাহ্ণ

গাজায় নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন স্কুলে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলি হামলায় নিহত হয়েছে আট বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু। রবিবার (৬ সেপ্টেম্বর) গাজা শহরে বাবার সঙ্গে গাড়িতে যাওয়ার সময় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয় ওয়াফা ইউসুফ নাবিল আকিলা। এ হামলায় তার বাবাসহ আরও ছয়জন আহত হয়েছেন। মিডল ইস্ট আই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

 

আল-শিফা হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা ওয়াফার বয়স আট বছর নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, পশ্চিম গাজা শহরের হামিদ মোড়ের কাছে একটি গাড়িতে ইসরায়েলি ড্রোন আঘাত হানলে ঘটনাটি ঘটে। গাড়িটিতে ওয়াফার সঙ্গে তার বাবা ইউসুফ নাবিল রাবাহ আকিলাও ছিলেন।

 

হামলার আগে তোলা ছবিতে দেখা যায়, স্কুলে ফেরার প্রথম দিনে নীল স্কুল ইউনিফর্ম পরে হাসিমুখে থাম্বস-আপ দেখাচ্ছে ওয়াফা। হামলার পরের ছবিতে গাড়িটির পোড়া ধ্বংসাবশেষের ওপর ছড়িয়ে-ছিটিয়ে থাকা তার স্কুলের বই ও অন্যান্য সামগ্রী দেখা যায়।

 

ঘটনাস্থলের ভিডিও ফুটেজে কয়েকজনকে শিশুটির চুলের গোছা ধরে থাকতে দেখা যায়। সেখানে এক ব্যক্তি বলতে শোনা যায়, “বিশ্ব, এটাই কি সব অবশিষ্ট আছে? আপনারা কোন যুদ্ধবিরতির কথা বলছেন?”

আরেকজন বলেন, “কোনো যুদ্ধবিরতি হয়নি। প্রতিদিন গণহত্যা হচ্ছে। প্রতিদিন হত্যা হচ্ছে। প্রতিদিন শিশুরা মারা যাচ্ছে।”

এই হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই গাজায় কথিত যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার অভিযোগ তুলে বেসামরিক মানুষ, বিশেষ করে শিশুদের মৃত্যুর বিষয়টি তুলে ধরেছেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন