ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিফাউল হাসান অনিক:
প্রকাশের সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ । ৬:১৮ অপরাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে কক্সবাজারের ঈদগাঁও উপজেলা প্রশাসন। শনিবার সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে ঈদগাঁও বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়ির আঙিনা, ড্রেন-নালা ও আশপাশের জায়গা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়।

অভিযানে অংশ নেওয়া বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হলে সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব নিতে হবে। বিশেষ করে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে।

ডেঙ্গু ও আবর্জনামুক্ত’ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়।

উল্লেখ্য:দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাসব্যাপী প্রতি শনিবার পরিচালিত হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন