চকরিয়ায় সংবাদ প্রকাশের জেরে তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখা।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের খবর-এর চকরিয়া-পেকুয়া প্রতিনিধি তৌহিদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ও জাতীয় দৈনিক স্বাধীনমত-এর জেলা প্রতিনিধি এবং দৈনিক দেশবিদেশ পত্রিকার মাতামুহুরী প্রতিনিধি তানবীরুল ইসলাম এবং সহপ্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক আলোকিত সকাল-এর কক্সবাজার ব্যুরো ও দৈনিক গণসংযোগ পত্রিকার স্টাফ রিপোর্টার ইয়ার রহমান আনানের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
জানা যায়, গত ৭ সেপ্টেম্বর ‘জমি দখল ও হত্যার অভিযোগে মামলা, আদালতে মুচলেকা দিয়ে জামিন বিএনপি নেতা’ শিরোনামে প্রকাশিত সংবাদের জেরে জনৈক শাহেদুল মোস্তাফা এ মানহানি মামলা দায়ের করেন।
বিবৃতিতে বলা হয়, আদালতে দাখিল করা মুচলেকার কপি এবং সংশ্লিষ্ট আইনজীবীর বক্তব্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অংশ। সত্য ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য প্রকাশের কারণে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি করে এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হতে পারে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, চকরিয়া উপজেলা শাখা এ মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ । ৭:৩১ অপরাহ্ণ