ঝড়ের কবলে সীমান্ত পার, মিয়ানমারে আটক ৯ বাংলাদেশি জেলে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ৫:৪৬ পূর্বাহ্ণ

টেলিগ্রাম ডেস্ক:
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়েন ৯ বাংলাদেশি জেলে। পরে তাদের আটক করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। দীর্ঘদিন ধরে তারা দেশটির কারাগারে বন্দি রয়েছেন।

আটক জেলেদের মধ্যে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের নয়জন রয়েছেন। তাদের স্বজনেরা বলছেন, উপার্জনক্ষম মানুষগুলো বন্দি থাকায় পরিবারগুলোতে চরম আর্থিক সংকট দেখা দিয়েছে। কারও সংসারে খাবারের সংকট, আবার কেউ সন্তানদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।

রামগতির কোহিনূর বেগমের দুই ছেলে তামজিদ ও তাহমিদও সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারে আটক হন। সম্প্রতি ছোট ছেলে তাহমিদ দেশে ফিরলেও বড় ছেলে তামজিদ এখনো মিয়ানমারের কারাগারে। ছেলেকে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ‘মা-বাবার দোয়া’ নামের একটি ট্রলারে লক্ষ্মীপুর, নোয়াখালী ও চট্টগ্রামের ১৬ জেলে মহেশখালীর হোয়ানক থেকে সাগরে মাছ ধরতে যান। পরদিন থেকেই তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে ২৮ মার্চ মহেশখালী থানায় সাধারণ ডায়েরি করেন ট্রলার মালিক মিজানুর রহমান।

মিয়ানমারে আটক লক্ষ্মীপুরের জেলেরা হলেন— মো. জুয়েল, ফরহাদ হোসেন, মো. নিরব, মো. রাকিব হোসেন, সাদ্দাম হোসেন, মো. মেজবাহ উদ্দিন, মো. তামজিদ, মো. লিটন ও কমলনগরের মো. অজি উল্যাহ।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার উদ্যোগও নেওয়া হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন