পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে স্ট্যান্ড রিলিজ

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ । ১১:৩২ পূর্বাহ্ণ

ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার লক্ষ্যে আয়োজিত প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চ্যুয়াল বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বরিশাল জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, গত শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় পিরোজপুরের কাউখালী উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর এই বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজন করা হয়েছিল। কিন্তু বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিটের মাথায় মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সে সময় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও কেবল অনুষ্ঠানস্থলে এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে গত রোববার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক অফিস আদেশে জিএম মো. আলতাপ হোসেনকে স্ট্যান্ড রিলিজ করে সোমবারের (১৪ সেপ্টেম্বর) মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ ডেপুটি জেনারেল ম্যানেজারকে তার নিজ দায়িত্বের পাশাপাশি জিএমের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

 

এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে নিছক ‘কমিউনিকেশন গ্যাপ’ বা ভুল বোঝাবুঝি বলে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম জানান, তিনি আগেই পল্লী বিদ্যুৎ সমিতিকে বিষয়টি অবগত করেছিলেন। তারপরেও কেবল মিলনায়তনে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, যদিও উপজেলা পরিষদের অন্যান্য জায়গায় বিদ্যুৎ ছিল।

অন্যদিকে, পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান ভারপ্রাপ্ত জিএম মো. কামরুজ্জামান ঘটনার ব্যাখ্যা দিয়ে জানান, ইউএনও অফিসে বিদ্যুৎ না থাকার একটি অভিযোগ পেয়ে তাদের লাইনম্যানরা সেখানে গিয়েছিলেন। কর্মচারীদের ধারণা ছিল যে ইউএনও অফিসেই সম্ভবত কনফারেন্সটি হচ্ছে। তাই মেরামতের জন্য তারা লাইন বন্ধ করলে মূল অনুষ্ঠানস্থল মিলনায়তনের বিদ্যুৎও বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে দুই মিনিটের (৯টা ৪২ থেকে ৯টা ৪৪ মিনিট) মধ্যেই আবার বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। মূলত এই ভুল বোঝাবুঝির কারণেই শীর্ষ এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন