শীতে যাতায়াতের কষ্ট দেখে কর্মীদের বিএমডব্লিউ উপহার দিলেন মালিক

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ । ৬:৩৬ অপরাহ্ণ

তীব্র শীতে বৈদ্যুতিক স্কুটারে চড়ে কর্মীদের কাজে আসার কষ্ট দেখে তাদের নতুন বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন চীনের এক রেস্তোরাঁমালিক। সেরা কর্মীদের প্রতি এমন উদারতায় অনলাইনে প্রশংসা কুড়াচ্ছেন মা ইয়ানলি নামের ওই ব্যবসায়ী।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, মধ্য চীনের হেনান প্রদেশের জিয়াওজুও শহরভিত্তিক একটি বিফ হটপট রেস্তোরাঁ চেইনের মালিক মা। গত ২৪ সেপ্টেম্বর তিনি কয়েকজন কর্মীকে নিয়ে গাড়ি নিতে শোরুমে যান। হেনান টিভি জানিয়েছে, প্রতিটি গাড়ির দাম তিন লাখ ইউয়ান। দুই সপ্তাহ আগেই পুরো টাকা পরিশোধ করেছিলেন তিনি।

 

 

উপহার পাওয়া কর্মীদের একজন লি জিয়ে। আট বছর ধরে ওই রেস্তোরাঁয় কাজ করছেন তিনি। লির নামে সেদিনই একটি সাদা বিএমডব্লিউ নিবন্ধন করা হয়। এ জন্য তাকে কোনো টাকা দিতে হয়নি, এমনকি কোনো চুক্তিতেও সই করতে হয়নি।

 

 

লি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত! এমন কিছু কখনো ভাবিনি। শোরুমে যাওয়ার পথে মালিক শুধু বলেছিলেন, আমাকে একটি বড় খেলনা দেবেন।’

 

 

মা জানান, গত শীতে এক সকালে লিকে প্রচণ্ড ঠান্ডায় লাল হয়ে যাওয়া মুখ, বেগুনি কান ও আড়ষ্ট হাত নিয়ে কাজে আসতে দেখেন। সেই দৃশ্য থেকেই গাড়ি উপহার দেওয়ার ভাবনা আসে।

 

 

তার ভাষ্য, ‘আমি গাড়িতে উষ্ণতা ও স্বাচ্ছন্দ্য নিয়ে চলাচল করতে পারলে সে কেন পারবে না? আমার প্রতিষ্ঠানের সমৃদ্ধি সব কর্মীর সম্মিলিত পরিশ্রমের ফল। তাই তাদেরও এই সাফল্যের সুফল পাওয়া উচিত।’

 

 

আরেক কর্মী লিউ ইংইং পেয়েছেন ধূসর রঙের বিএমডব্লিউ। কঠোর পরিশ্রম ও চমৎকার কাজের স্বীকৃতি হিসেবে তাকে গাড়িটি দেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন ঐতিহ্যবাহী উৎসবে কর্মীদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও নগদ বোনাস দিয়েছেন মা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন