কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় কক্সবাজারমুখী স্বাধীন ট্রাভেলসের একটি বাসের সঙ্গে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে প্রাইভেট কারে থাকা চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ইসমত আরা (৫৫) ও ১০ বছর বয়সী কিশোরী আয়েশা নিহত হয়। নিহতদের গ্রামের বাড়ি চাঁদপুরে।
দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক আশিকুর রহমান (২৭) এবং নিহত ইসমত আরার ছেলে সম্রাট (৩০) আহত হন।
দুর্ঘটনার পর বাস ও প্রাইভেট কারটি জব্দ করে চিরিংগা হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নেয়। উদ্ধার করা বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৩-১৮৮৮ এবং প্রাইভেট কারটির নম্বর চট্টগ্রাম মেট্রো-গ ১৩-৯৪৪২।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিবুল ইসলাম।

প্রতিবেদক: মোহাম্মদ রিদুয়ানুল হক
প্রকাশের সময়: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ । ৭:২৯ অপরাহ্ণ