কক্সবাজার সদর হাসপাতালের মর্গের পাশে পুলিশ আসার আগেই এক লাখ ইয়াবা নিয়ে উধাও তারা

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ । ১২:৩৫ পূর্বাহ্ণ

কক্সবাজার সদর হাসপাতালের মর্গের পাশে এক লাখ ইয়াবা পাচারের খবর পেয়ে পুলিশকে জানিয়েছিলেন এক সোর্স। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ইয়াবার চালান নিয়ে উধাও হয়ে যান যুবলীগ নেতা হিসেবে পরিচিত সাহাব উদ্দিন বাবুসহ কয়েকজন।

 

বুধবার আসরের সময় এ ঘটনা ঘটে বলে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাসপাতালের মর্গসংলগ্ন এলাকায় ইয়াবা পাচারের খবর পেয়ে এক সোর্স পুলিশকে ফোন করেন। তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এক লাখ ইয়াবা নিয়ে সেখান থেকে সরে পড়েন সাহাব উদ্দিন বাবুসহ কয়েকজন।

 

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইয়াবার চালান নিয়ে পুলিশের সঙ্গে কমিশনসংক্রান্ত দরকষাকষি চলছিল। এ সময়ের মধ্যে সাহাব উদ্দিন বাবুসহ কয়েকজন ইয়াবার চালানটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। তবে কমিশন নিয়ে দরকষাকষি এবং ইয়াবার চালান ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে জানতে বারবার সাহাব উদ্দিন বাবুর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর তিনি পুলিশের ভয়ে আত্মগোপনে চলে গেছেন বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। তবে এ তথ্যও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

ঘটনার বিষয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন