বললেন রুহুল কবির রিজভী গায়ের জোরে জুলাই সনদের বাস্তবায়ন চায় বিরোধী দল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১ নভেম্বর, ২০২৬ । ১:৫১ অপরাহ্ণ

সংবিধানের ধারাবাহিকতা রক্ষা না করে ও আইন না মেনেই বিরোধী দল গায়ের জোরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জুলাই সনদে কিছু বিষয়ের জন্য সাধারণ আইন প্রয়োজন, তেমনি কিছু ক্ষেত্রে সংবিধান সংশোধনের প্রশ্ন জড়িত। সনদ বাস্তবায়ন করতে হলে তো একটা আইনি রূপ লাগবে। কিন্তু তারা সংবিধান সংশোধন না করেই জুলাই সনদ বাস্তবায়ন চায়। তারা যেটা বলছে, তা গায়ের জোরে বাস্তবায়ন করতে হবে। এখানে কোনো আইনের দরকার নেই, সংবিধানের দরকার নেই।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শামসুল হুদা স্মরণে এ সভার আয়োজন করে মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন।

রিজভী বলেন, জুলাই সনদে বিএনপি এবং আরও অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকে ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তি রয়েছে। এগুলো আলোচনা করে আগে নিষ্পত্তি করি। কিন্তু তারা কোনো কথাই শুনতে চায় না।

 

​স্মরণসভায় মরহুম শামসুল হুদাকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, শামসুল হুদা ছিলেন প্রায় ৪০ বছরের পরীক্ষিত ও বিনয়ী এক রাজনীতিক। কোনোদিন কারও সঙ্গে ঝগড়া করেননি বা সংঘর্ষে জড়াননি। আজকে যখন রাজনৈতিক অঙ্গনে মিথ্যাচার ও কলঙ্কলেপন বাড়ছে, তখন তার মতো অভিভাবকতুল্য নীতি-আদর্শে অটল নেতার অভাব আমরা তীব্রভাবে অনুভব করি।

ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন প্রমুখ।

 

এর আগে সকালে রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রিজভী বলেন, জামায়াতের লংমার্চ করার যৌক্তিকতা কি তা জনগণ জানে না, আমরাও বুঝতে পারছি না। তেল, গ্যাসের সংকট কি বিএনপি সরকারের তৈরি করেছে? সরকার গ্যাস কি বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে? এই সংকট আমেরিকা ও ইরানের যুদ্ধের কারণে। সরকার বিকল্প উৎস হিসেবে মিয়ানমার, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ থেকে গ্যাস আনা শুরু করেছে। সারা দেশে জ্বালানি সহনীয় পর্যায়ে চলে আসছে। এটাতে লংমার্চ কর্মসূচি দেওয়ার কিছু নেই।

তিনি বলেন, সরকার ইতিবাচক রাজনীতি শুরু করেছে। এতে বিরোধী দলের রাজনৈতিক শূন্যতা বা ঘাটতি তৈরি হয়েছে। মানুষের কাছে কিছু একটা দেখাতে হবে, এজন্য লংমার্চে কর্মসূচি দিয়েছে বিরোধী দল। এর কোনো যৌক্তিকতা নেই। জনগণের কাছেও গ্রহণযোগ্যতাও নেই।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন