কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনী ও এপিবিএনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) পরিচালিত এ অভিযানে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি ও তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ নভেম্বর সেনাবাহিনীর সঙ্গে মানবপাচারকারী দলের সদস্যদের গুলিবিনিময়ের ঘটনায় জড়িত ডাকাত, মাদক ও মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে চক্রটির সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি ফাইভ স্টার পিস্তল, চার রাউন্ড গুলি এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা অঙ্গীকারবদ্ধ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত ডাকাত ও সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রতিবেদক: আবদুল্লাহ আল সম্রাট,
প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ১১:৪৯ অপরাহ্ণ