কক্সবাজারে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এরফান হোসাইনের ওপর হামলা, হেনস্তা ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ওই সাংবাদিক।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কক্সবাজার আদালত চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। একই সঙ্গে অভিযুক্ত ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠনটি।
হামলার শিকার এরফান হোসাইন দৈনিক পূর্বকোণ ও দৈনিক ভোরের দর্পণের কক্সবাজার জেলা প্রতিনিধি। তিনি কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য।
সাংবাদিক এরফান হোসাইনের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। এ সময় রহিম উল্লাহ খান রানা নামে এক ছাত্রদল নেতার নেতৃত্বে কয়েকজন তাঁর সংবাদ সংগ্রহে বাধা দেন। একপর্যায়ে তাঁরা তাঁর ওপর হামলা ও হেনস্তা করেন।
এরফান হোসাইন জানান, মঙ্গলবার জাতীয় দৈনিক ভোরের দর্পণে ‘কোটি টাকার বাঁধ কেটে মৎস্য প্রজেক্ট’ শিরোনামে তাঁর একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন প্রকাশের পর সকাল থেকেই ছাত্রদল নেতা রহিম উল্লাহ খান রানা তাঁকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছিলেন। প্রকাশিত প্রতিবেদনে ওই নেতার ভাই হিরুর নাম আসায় তিনি ক্ষুব্ধ ছিলেন বলে জানতে পারেন এরফান। এর জের ধরে বিকেলে আদালত চত্বরে ওই নেতা ও তাঁর সঙ্গে থাকা লোকজন তাঁর ওপর হামলা ও হেনস্তা করেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন, ড্রোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। হামলার পর ঘটনাস্থল ত্যাগ করার সময় ভবিষ্যতে সংবাদ প্রকাশ করলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এরফান হোসাইন বলেন, ‘আমি এ ঘটনার বিচার চাই। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি সাংবাদিকদের এভাবে হামলা ও হেনস্তার শিকার হতে হয়, তাহলে ভবিষ্যতে সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ প্রকাশ করতে পারবেন না।’
এদিকে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকেরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তাঁদের বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলা এবং সংবাদ সংগ্রহে বাধা সৃষ্টি করা স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের শামিল। তাঁরা অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সাংবাদিকের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা, মালামাল ছিনিয়ে নেওয়া ও হত্যার হুমকির অভিযোগে কক্সবাজারের সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সাংবাদিকেরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ১১:৪৫ অপরাহ্ণ