চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা জেলা অটো শ্রমিকদল সভাপতি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১২:১০ পূর্বাহ্ণ

পিরোজপুরের মঠবাড়িয়ায় ঝালকাঠি জেলা অটো শ্রমিকদলের সভাপতি মো. আলম ফকিরসহ দুজন চুরির চেষ্টার অভিযোগে। আটকের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে ঝালকাঠি জেলা শ্রমিকদল আলম ফকিরকে দল থেকে বহিষ্কার করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাতে মঠবাড়িয়া উপজেলার মিরুখালী এলাকার স্থানীয়রা তাদেরকে আটক করে।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম আলম ফকিরকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটকের পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় তাদের কাছ থেকে তালা কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে রাতে মঠবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে পাহারা দিচ্ছিলেন। এ সময় মিরুখালী এলাকায় চুরির চেষ্টা করার অভিযোগে আলম ফকিরসহ দুজনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের পর পুলিশের কাছে নিজের প্রকৃত পরিচয় গোপন করে কালাম ফকির নামে পরিচয় দেন আলম ফকির।

পরে পুলিশ তাদের আদালতে পাঠালে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

এদিকে, আলম ফকিরের আটকের খবর পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কার করেছে ঝালকাঠি জেলা শ্রমিকদল। জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আলম ফকিরের বিরুদ্ধে ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অসামাজিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। এসব বিষয়ে তাকে একাধিকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। সার্বিক বিষয় বিবেচনায় তাকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঝালকাঠি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. মামুন অর রশিদ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডের বিষয়ে আলম ফকিরকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি তার আচরণে কোনো পরিবর্তন আনেননি। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। তাই সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে জেলা অটো শ্রমিকদলের সভাপতির পদসহ দলের সাধারণ সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষায় এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যতেও নেওয়া হবে।

ঝালকাঠি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আলম ফকির এর আগেও একাধিকবার চুরির ঘটনায় আটক হয়েছিলেন এবং কারাভোগ করেছেন। আটক অপর ব্যক্তির বাড়িও ঝালকাঠি জেলায় বলে জানা গেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন