আইনজীবীদের তুলে নিয়ে মারধর, নিন্দা ও উদ্বেগ জেলা বারের

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ১২:৫৬ পূর্বাহ্ণ

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে মারধর ও নাজেহাল করার ঘটনায় নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে সংগঠনটি। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও উদ্বেগ জানানো হয়।

 

বিবৃতিতে বলা হয়, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থক থাকলেও সবার অভিন্ন পরিচয় তাঁরা আইনজীবী। আইনজীবী সমিতিতে কোনো রাজনৈতিক দল কখনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেনি, এখনো করে না।

 

বিবৃতিতে আরও বলা হয়, ১০ নভেম্বর জেলা আইনজীবী সমিতির হলরুম থেকে আইনজীবীদের তুলে নিয়ে মারধর ও নাজেহাল করা হয়েছে। এ ঘটনায় আইনজীবীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আইনজীবীরা পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সবার মান-সম্মান রক্ষায় বদ্ধপরিকর।

 

এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন