ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী ১৯ নভেম্বর।
বুধবার (১১ নভেম্বর) যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান রায়ের এ দিন ধার্য করেন।
মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে বিচারিক কার্যক্রমের শেষ পর্যায়ে পৌঁছেছে মামলাটি। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন। তিনি বলেন, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।
দুদকের অভিযোগপত্র অনুযায়ী, ভিশন ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের অনুকূলে অনুমোদিত ঋণের ২৫ কোটি টাকা চারটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো আলফা ট্রেডার্স, ক্লাসিক ট্রেডার্স, মডেল ট্রেডিং ও ইম্পেরিয়াল ট্রেডিং। এসব প্রতিষ্ঠানও আরামিট গ্রুপের কর্মচারীদের নামে নিবন্ধিত ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে বিভিন্ন হিসাব থেকে অর্থ নগদে উত্তোলন ও স্থানান্তর করা হয়।
দুদকের অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল কর্মকর্তা ফরমান উল্লাহ চৌধুরীকে ব্যবসায়ী পরিচয় দিয়ে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভিশন ট্রেডিংয়ের ট্রেড লাইসেন্স করা হয়। ওই লাইসেন্স ব্যবহার করে ২০১৯ সালের ১৩ অক্টোবর ইউসিবির চট্টগ্রামের পোর্ট শাখায় প্রতিষ্ঠানটির নামে একটি চলতি হিসাব খোলা হয়।
পরের বছরের ১৩ ফেব্রুয়ারি গম, হলুদ, ছোলা ও মটর আমদানির কথা বলে ১৮০ দিনের জন্য ঋণের আবেদন করা হয়। দুদকের অভিযোগ, প্রয়োজনীয় যাচাই-বাছাই ছাড়াই ব্যাংকটির পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করে। পরে পে-অর্ডারের মাধ্যমে ঋণের অর্থ চারটি প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, স্থানান্তরিত অর্থের একটি অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করে সম্পদ কেনা হয়। এ ছাড়া সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের হিসাবে অর্থ জমা দিয়ে দায় সমন্বয় করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব লেনদেনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে দুদক।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান গত বছরের ২৪ জুলাই মামলাটি করেন। শুরুতে ৩১ জনকে আসামি করা হলেও তদন্ত শেষে দাখিল করা অভিযোগপত্রে আসামির সংখ্যা দাঁড়ায় ৩৬ জনে। তাদের মধ্যে রয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তাঁর স্ত্রী ও ইউসিবির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান চৌধুরী, বোন রোকসানা জামান চৌধুরী এবং ব্যাংক ও আরামিট গ্রুপের সাবেক কর্মকর্তারা।
মামলার তদন্ত কর্মকর্তা গত ৫ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ব্যাংক ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৯২ জনকে সাক্ষী করা হয়। তবে ব্যাংক কর্মকর্তা আবদুল আওয়াল ও জাবেদের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মকর্তা কাজী মো. দিলদার মারা যাওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়া হয়।
আদালত সূত্র জানায়, গত ১১ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ৪ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। গত ৪ অক্টোবর সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান। এরপর ২৫ অক্টোবর থেকে তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা। সব মিলিয়ে ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার যুক্তিতর্ক শুনানি সম্পন্ন হয়।
সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে দুদকের আরও মামলা রয়েছে। যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের নামে থাকা সম্পদ জব্দের আদেশও দিয়েছেন আদালত।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ২:৫৪ অপরাহ্ণ