১৮ নভেম্বরের পর সৈকতে গরু ছাগল পেলে আটক করে নিলাম দেয়া হবে – জেলা প্রশাসনের পর্যটন সেল

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ । ৬:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারে সমুদ্র সৈকত ও তৎসংলগ্ন পর্যটন এলাকায় গবাদি পশুর অবাধ বিচরণ বন্ধে সচেতনতা সৃষ্টি ও মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা পরিচালনার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির ১২৩তম সভার সিদ্ধান্ত মোতাবেক এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, নাজিরারটেক, ডায়াবেটিক পয়েন্ট, কবিতা চত্বর, লাবণী, সুগন্ধা, কলাতলী, দরিয়ানগর, হিমছড়ি ও ইনানী হয়ে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত সৈকত এলাকায় গবাদী পশুর মালিকের অসচেতনতার কারণে গরু, মহিষ, ছাগল ও ভেড়ার মতো গবাদি পশু অবাধে বিচরণ করছে। এর ফলে সৈকতের বালিয়াড়িতে যত্রতত্র মলমূত্র ত্যাগের মাধ্যমে পরিবেশ বিঘ্নিত হচ্ছে। যা পরিবেশ সংরক্ষণ বিধানাবলি এবং প্রচলিত আইনের স্পষ্ট লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।

 

সৈকত এলাকার নিরাপত্তা ও পরিবেশগত শৃঙ্খলা বজায় রাখতে আগামী ১৪ নভেম্বরের মধ্যে সমগ্র সৈকত এলাকায় মাইকিং কার্যক্রম জোরদার করার জন্য বলা হয়েছে।

 

এছাড়া আগামী ১৮ নভেম্বরের পর সৈকত ও সংলগ্ন এলাকায় কোনো গবাদি পশু পাওয়া গেলে বা বিচরণ করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উক্ত পশু আটক করে তাৎক্ষণিকভাবে নিলামের ব্যবস্থা করা হবে বলে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের সহকারী কমিশনার মাহামুদুর রহমান সায়েম প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন