জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচদিন অবস্থান করা সেই নারীর খোঁজ মিলছে না। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে তাকে দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিকেলে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী।
স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশ-ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। এরপর থেকে তিনি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। খড়কুটার ওপর একটি কম্বল বিছিয়ে খোলা আকাশের নিচে দিন-রাত কাটছিল তার।
স্থানীয় নারীরা তাকে বিস্কুট ও পানি দিয়ে সহায়তা করতেন। শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত তাকে সেখানে দেখা গেলেও রোববার সকাল থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছে না।
ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, ‘ইউএনওর নির্দেশে আমরা ওখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করেছিলাম। আজ সকাল ৭টার দিকে তিনি আমাকে জানান, ওই নারীকে আর দেখা যাচ্ছে না। বিষয়টি ইউউএনওকে জানানো হয়েছে।’
দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ‘গতকাল ওই নারী যেখানে ছিলেন, আজ সেখানে তাকে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও আমাদের জানিয়েছেন, আজ থেকে ওই নারীকে আর শূন্যরেখায় দেখা যাচ্ছে না। এ বিষয়ে আমাদের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।’
এ বিষয়ে জানতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ । ৬:১০ অপরাহ্ণ