উখিয়ায় ৫ হাজার কৃত্রিম বক দিয়ে শিকারের ফাঁদ, উদ্ধার আটকা পড়া ৮ বক

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৪:৪৪ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার জীববৈচিত্র্যসমৃদ্ধ মাছকারিয়া বিলে পাখি শিকারের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে বন বিভাগ। বন্যপ্রাণী ও জলাভূমির পরিবেশ ধ্বংস করে দীর্ঘদিন ধরে পাখি শিকারে জড়িত একটি অসাধু চক্রের বিরুদ্ধে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ শিকারের সরঞ্জাম জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় আটটি জীবিত বক উদ্ধার করা হয়।

 

সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের আওতাধীন মাছকারিয়া বিলে এ অভিযান পরিচালিত হয়।

 

বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রায় ৩ হাজার মিটার বক শিকারের জাল জব্দ করা হয়। এ ছাড়া পাখি আকৃষ্ট করে শিকারের কাজে ব্যবহৃত প্রায় ৫ হাজার কৃত্রিম বক এবং শতাধিক পাখি শিকারের ঘর ধ্বংস করা হয়েছে। এ সময় শিকারিদের ফাঁদে আটকে থাকা আটটি জীবিত বক উদ্ধার করে রেঞ্জ অফিসে অবমুক্ত করা হয়।

 

অভিযানে কক্সবাজার স্পেশাল টিম, ইনানী রেঞ্জ, রাজারকুল রেঞ্জ ও উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা, বিট কর্মকর্তা এবং বন বিভাগের অন্যান্য কর্মীরা অংশ নেন।

 

মাছকারিয়া বিল উখিয়ার অন্যতম জীববৈচিত্র্যসমৃদ্ধ জলাভূমি। স্থানীয় ও পরিযায়ী বিভিন্ন প্রজাতির পাখির বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত এ বিলে অবাধে পাখি শিকার জলজ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যের জন্য বড় ধরনের হুমকি। বিশেষ করে কৃত্রিম বক ও দীর্ঘ জাল ব্যবহার করে পাখি শিকারের কৌশল জীববৈচিত্র্য সংরক্ষণে উদ্বেগ তৈরি করেছে।

 

প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং পাখিদের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে মাছকারিয়া বিলসহ উখিয়ার বিভিন্ন জলাভূমিতে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, শুধু অভিযান পরিচালনা নয়, পাখি শিকারের সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনাও জরুরি।

 

প্রকৃতির সম্পদ রক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাখি শিকার বন্ধে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন