বান্দরবানের রেড ক্রিসেন্ট সোসাইটিতে প্রহসনের নির্বাচন: ভোটাধিকার বঞ্চিত আজীবন সদস্যদের ক্ষোভ

টেলিগ্মোহাম্মদ ইলিয়াছ, বান্দরবান:
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৭:৩৮ অপরাহ্ণ

নিজস্ব তফসিল ও গঠনতন্ত্রের নিয়ম-নীতি উপেক্ষা করে গোপনীয়তার মাধ্যমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৮) গঠনের অভিযোগ উঠেছে। সাধারণ সদস্যদের সম্পূর্ণ অন্ধকারে রেখে ও ভোটাধিকার থেকে বঞ্চিত করে এই কমিটি ঘোষণা করা হয়।

 

তফসিল অনুযায়ী, বান্দরবান ইউনিটের বিশেষ সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন আগামী ১৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অথচ একই নোটিশের নিচের অংশে ভোটগ্রহণের তারিখ ১০ নভেম্বর উল্লেখ করা হয় এবং তড়িঘড়ি করে ১০ নভেম্বরই নির্বাচন সম্পন্ন ও ফলাফল ঘোষণা করা হয়।

 

এতে ক্ষোভ প্রকাশ করে সাধারণ সদস্যরা জানান, ইউনিটে প্রায় ১২ শ আজীবন সদস্য থাকলেও গুটিকয়েক লোক ছাড়া কেউ এই নির্বাচন সম্পর্কে জানতেন না। কোনো প্রকৃত ভোটগ্রহণ ছাড়াই হাতে গোনা কয়েকজন মিলে এই পকেট কমিটি গঠন করেছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তফসিলে তারিখের গরমিল, ভোটার তালিকায় আপত্তি ও নিষ্পত্তির সময়ের চরম অসংগতি এবং বারের ভুল উল্লেখসহ বিভিন্ন অনিয়ম পাওয়া গেছে।

 

এ বিষয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট অফিসার আসাদুল হায়দার চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশনার কারণে বাধ্য হয়েই তড়িঘড়ি করে এই নির্বাচন সম্পন্ন করতে হয়েছে।

 

এদিকে, বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান মাম্যাচিং এই বিষয়ে সম্পূর্ণ বিস্ময় প্রকাশ করে বলেন, রেড ক্রিসেন্ট অফিস আমার প্রাঙ্গণেই অবস্থিত। আমি নিজেই পদাধিকার বলে চেয়ারম্যান ও আজীবন সদস্য হওয়া সত্ত্বেও এই নির্বাচন সম্পর্কে কিছুই জানি না।

 

মানবিক ও সেবামূলক একটি প্রতিষ্ঠানের নির্বাচনে এমন নজিরবিহীন অনিয়ম ও ভোটাধিকার হরণের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন মহল ও সাধারণ সদস্যরা। অনিয়মের বিরুদ্ধে খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিবাদ ও আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তারা।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন