কক্সবাজার পর্যটন কার্নিভাল আয়োজনের প্রস্তুতিকে কেন্দ্র করে ঝাউগাছ কাটার অভিযোগ উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এসব অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটির দাবি, কার্নিভালের অবকাঠামো নির্মাণের জন্য হোটেল শৈবালের নিজস্ব ক্যাম্পাস কিংবা বরাদ্দকৃত এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি। বরং বিমানবন্দরের উড়োজাহাজ চলাচলের নিরাপত্তায় এয়ার ফানেল রুটে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছের ওপরের অংশ ছাঁটাই করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেলে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বাংলাদেশ পর্যটন করপোরেশন। সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ এসামুল কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কার্নিভাল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে বিভ্রান্তিকর উল্লেখ করে এর প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের পর্যটনশিল্পের বিকাশ, স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে আগামী ২২ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের বাস্তবায়ন সহযোগিতায় হোটেল শৈবাল প্রাঙ্গণ ও আশপাশের প্রায় ৩৫ একর জায়গায় এ আয়োজন হবে।
কার্নিভালে ১৫ থেকে ১৬টি বিশেষ জোন থাকবে। এসব জোন সাজানোর ক্ষেত্রে পরিবেশ ও প্রকৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। তাদের ভাষ্য, হোটেল শৈবালের নিজস্ব ক্যাম্পাস ও বরাদ্দকৃত এলাকায় কোনো ঝাউগাছ কাটা হয়নি। বনাঞ্চলেরও ক্ষতি করা হয়নি।
গাছ কাটার অভিযোগ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের নিরাপদ গমনাগমনের জন্য এয়ার ফানেল রুটে বন বিভাগের সঙ্গে সমন্বয় করে গাছের ওপরের অংশ ছাঁটাই করেছে বেবিচক। ছাঁটাই করা অংশ বন বিভাগের মাধ্যমে সংরক্ষণ করা হয়েছে। অথচ ওই গাছগুলোর ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃতভাবে উপস্থাপন করে কার্নিভালের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চলছে।
এ ছাড়া বিভিন্ন সংবাদ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গাছের গুঁড়ির ছবিগুলোও কার্নিভালের কাজের সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করেছে পর্যটন করপোরেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ছবিতে দেখানো গাছগুলো পুরোনো। এর কিছু বিভিন্ন সময়ের ঝড়-জলোচ্ছ্বাসে উপড়ে পড়েছে, কিছু আবার ঘূর্ণিঝড় হানুমানের কারণে আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসব গাছের ছবি ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে কার্নিভালের ওপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ৯:২১ অপরাহ্ণ