আজ যাকে ইচ্ছা আনফ্রেন্ড করার দিন

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ১:০৩ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু তালিকায় কত মানুষ! স্কুলের পুরোনো সহপাঠী, একসময়কার সহকর্মী, দূরসম্পর্কের আত্মীয়, এমনকি এমন অনেকেও আছেন, যাদের সঙ্গে বছরের পর বছর কোনো কথা হয় না। অথচ তারা নিয়মিত আপনার নিউজফিডে হাজির হচ্ছেন। কারো পোস্ট বিরক্তির কারণ, কারো সঙ্গে নেই কোনো যোগাযোগ। এমন অপ্রয়োজনীয় অনলাইন সংযোগ ছেঁটে ফেলার কথা মনে করিয়ে দিতেই পালিত হয় ন্যাশনাল আনফ্রেন্ড ডে।

 

প্রতি বছর ১৭ নভেম্বর দিনটি পালন করা হয়। তবে এটি জাতিসংঘ বা কোনো সরকারি সংস্থার স্বীকৃত দিবস নয়। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক একটি মজার উদ্যোগ হিসেবেই এর যাত্রা।

যেভাবে শুরু হলো আনফ্রেন্ড ডে

২০১০ সালে মার্কিন টেলিভিশন উপস্থাপক ও কৌতুকশিল্পী জিমি কিমেল তার জনপ্রিয় অনুষ্ঠান ‘জিমি কিমেল লাইভ’-এ দিনটির ঘোষণা দেন। তার মতে, ফেসবুকে হাজার হাজার মানুষকে বন্ধু হিসেবে যুক্ত রাখলেও বাস্তবে এত মানুষের সঙ্গে গভীর বন্ধুত্ব বজায় রাখা সম্ভব নয়। তাই যাদের সঙ্গে প্রকৃত কোনো সম্পর্ক নেই, তাদের বন্ধু তালিকা থেকে বাদ দেওয়ার আহ্বান জানান তিনি।

 

কিমেলের যুক্তি ছিল, বন্ধুত্ব একটি বিশেষ সম্পর্ক। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকলেই কাউকে প্রকৃত বন্ধু বলা যায় না। তার এই মজার আহ্বান দ্রুত মানুষের মধ্যে আলোচনার জন্ম দেয়। এরপর থেকে প্রতি বছর ১৭ নভেম্বর ন্যাশনাল আনফ্রেন্ড ডে হিসেবে পরিচিতি পায়।

কাদের আনফ্রেন্ড করবেন?

দিনটির মূল উদ্দেশ্য কাউকে অপমান করা বা ব্যক্তিগত সম্পর্ক নষ্ট করা নয়। বরং নিজের অনলাইন পরিসরকে পরিচ্ছন্ন ও স্বস্তিদায়ক রাখা। যেমন-যার সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, যাকে বাস্তবে চেনেন না কিংবা যার পোস্ট নিয়মিত আপনার বিরক্তির কারণ হয়, তাকে বন্ধু তালিকায় রাখা প্রয়োজন কি না, তা ভেবে দেখতে পারেন।

 

তবে কাউকে আনফ্রেন্ড করার আগে মনে রাখা দরকার, সামাজিক যোগাযোগমাধ্যমের বাইরেও মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে। কোনো ভুল বোঝাবুঝি বা সাময়িক বিরক্তির কারণে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। বিশেষ করে আত্মীয়, সহকর্মী কিংবা পরিচিত কারো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিবেচনা করা ভালো।

আনফ্রেন্ড, আনফলো নাকি ব্লক?

ফেসবুকে কাউকে আনফ্রেন্ড করলে তিনি আপনার বন্ধু তালিকা থেকে বাদ পড়েন। কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব না ভেঙে শুধু পোস্ট দেখতে না চাইলে আনফলো করার সুযোগ রয়েছে। আবার কারও সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করতে চাইলে ব্লক করার বিকল্পও আছে। অর্থাৎ সব ক্ষেত্রে কাউকে আনফ্রেন্ড করাই একমাত্র সমাধান নয়।

ন্যাশনাল আনফ্রেন্ড ডে মনে করিয়ে দেয় অনলাইনে পরিচিত মানুষের সংখ্যা বেশি হলেই সম্পর্কের গভীরতা বাড়ে না। তাই আজ নিজের বন্ধু তালিকাটি একবার দেখে নিতে পারেন। তবে কাউকে বাদ দেওয়ার পাশাপাশি যারা সত্যিই গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর কথাও ভাবুন।

 

সূত্র: ডেইজ অব দ্য ইয়ার

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন