ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন, তাদের গাড়ি চোর নিয়ে গেছে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬ । ৬:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের হালিশহরে এবার চোরের টার্গেট পুলিশের গাড়ি। টহল ডিউটিতে বের হয়ে জেলা পুলিশ লাইনের সামনের একটি হোটেলে দুপুরের খাবার খেতে গিয়েছিলেন তিন পুলিশ সদস্য। সড়কের পাশে রেখে গিয়েছিলেন থানার পিকআপ ভ্যানটি।

খাবার খেয়ে ফিরে এসে দেখেন, গাড়িটি আর সেখানে নেই। পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে সেটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে নগরের হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের গাড়ি প্রকাশ্য দিবালোকে চুরির ঘটনায় নগরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া পিকআপ উদ্ধারে ইতোমধ্যে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টাও চলছে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ সূত্র বলছে, হালিশহর থানার পুরোনো সিঙ্গেল ডেকার একটি পিকআপ ভ্যান নিয়ে টহল ডিউটিতে বের হয়েছিলেন তিন পুলিশ সদস্য। একপর্যায়ে তারা দুপুরের খাবার খেতে একটি হোটেলে যান। এ সময় পিকআপটি সড়কের পাশে রেখে যান তারা। পুলিশের ধারণা, সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে গাড়িটি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্ত।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি পিকআপে উঠে দ্রুত সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে বিভিন্ন এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ।

 

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ কালবেলাকে বলেন, ‘সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তার এবং গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।’

 

ঘটনার বিষয়ে জানতে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডলের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি কলটি বিচ্ছিন্ন করে দেন।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন