গণহত্যা মামলায় জিতলে রোহিঙ্গাদের ভাগ্য কতটা বদলাবে

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ১০:৪২ পূর্বাহ্ণ

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে নজিরবিহীন সামরিক অভিযান শুরু হয়। পরবর্তীতে সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও ব্যাপক ধর্ষণের বিবরণ দিয়েছেন রোহিঙ্গারা, সেগুলো মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী দল বিস্তারিতভাবে নথিবদ্ধ করেছে। এবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজেতে যে প্রশ্নটির বিচার হচ্ছে, তা হলো এসব ঘটনা গণহত্যার শামিল ছিল কিনা

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা সাত বছর পুরনো গণহত্যা মামলার রায় ঘোষণা হবে। এ রায়ের মাধ্যমে নতুন এক নজির তৈরি হতে পারে, তবে তা রোহিঙ্গাদের ভাগ্য পরিবর্তনে কতটা ভূমিকা রাখবে সেটাই প্রশ্ন।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ১৯৪৮ সালে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেয়ার বিষয়ে আন্তর্জাতিক সনদ স্বাক্ষরের পর থেকে রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার মতো সংঘাতে গণহত্যার দায়ে অনেক ব্যক্তির বিচার হয়েছে। তবে কোনো রাষ্ট্রকে এখন পর্যন্ত আন্তর্জাতিক আদালতে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়নি।

আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটির নেতৃত্ব দিচ্ছেন আইনজীবী আরসালান সুলেমান। তিনি বলেন, ‘গাম্বিয়া এ মামলায় জয়ী হলে এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়।’

আরসালানের মতে, এ রায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ এবং রাষ্ট্রের সংঘটিত অপরাধের জন্য আন্তর্জাতিক আইনি জবাবদিহির ধারণাকে নতুন করে শক্তিশালী করবে।

২০১৭ সালের আগস্টে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নতুন করে নজিরবিহীন সামরিক অভিযান শুরু হয়। পরবর্তীতে সেনাদের হাতে হত্যা, নির্যাতন ও ব্যাপক ধর্ষণের বিবরণ দিয়েছেন রোহিঙ্গারা, সেগুলো মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের একটি তথ্যানুসন্ধানী দল বিস্তারিতভাবে নথিবদ্ধ করেছে।

এবার জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজেতে যে প্রশ্নটির বিচার হচ্ছে, তা হলো এসব ঘটনা গণহত্যার শামিল ছিল কিনা।

১৯৪৫ সালে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ নিষ্পত্তির জন্য আইসিজে প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক অপরাধের বিচার করা এর মূল কাজ নয়। তবে রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনায় বিচার পাওয়ার অন্য পথ খুব বেশি না থাকায় বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব এ আদালতের হাতে দেয়া হয়।

মিয়ানমার কর্তৃপক্ষ জাতিগত নিধন কিংবা গণহত্যার অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাবে তারা শুধু সামরিক ‘ক্লিয়ারেন্স অপারেশন’ বা উচ্ছেদ অভিযান চালিয়েছে।

২০১৮ সালে শত শত মানুষের সাক্ষাৎকারের ভিত্তিতে এক প্রতিবেদন তৈরি করে জাতিসংঘ। সেখানে বলা হয়, সেনাবাহিনীর কৌশল প্রকৃত নিরাপত্তাঝুঁকির তুলনায় ‘চরম মাত্রায় অসামঞ্জস্যপূর্ণ’ ছিল। প্রতিবেদনে রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের তদন্তের সুপারিশ করা হয়। মিয়ানমার ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে।

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য না হওয়ায় রাখাইন রাজ্যে নৃশংসতার অভিযোগে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে সেখানে মামলা করা সম্ভব ছিল না।

এর পরিবর্তে ২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থন নিয়ে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। দেশটির যুক্তি ছিল, গণহত্যা সনদে সব রাষ্ট্রের বাধ্যবাধকতা রয়েছে। তাই এ সনদ মেনে চলা নিশ্চিত করার বিষয়ে সব রাষ্ট্রেরই স্বার্থ রয়েছে।

গাম্বিয়া শুধু মিয়ানমারের সামরিক বাহিনী নয়, রাষ্ট্রকেই গণহত্যার জন্য দায়ী করে।

আন্তর্জাতিক আইনে এটি ছিল এক নতুন দৃষ্টান্ত। কোনো ঘটনায় সরাসরি ক্ষতিগ্রস্ত না হয়েও একটি রাষ্ট্র যুক্তি দিয়েছে—গুরুত্বপূর্ণ একটি আন্তর্জাতিক সনদ লঙ্ঘিত হওয়ায় পরোক্ষভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অভিযোগ জানানোর আইনি অধিকার তাদের রয়েছে।

মিয়ানমার এ যুক্তির বিরোধিতা করেছিল। তবে আইসিজের বিচারকরা রায় দেন, গাম্বিয়ার এ মামলা করার অধিকার রয়েছে।

নোবেলজয়ী অং সান সু চি ব্যক্তিগতভাবে মিয়ানমারের পক্ষে আইনি লড়াইয়ের প্রাথমিক পর্যায়ে নেতৃত্ব দেয়ার সিদ্ধান্ত নেওয়ায় মামলাটি আরো বেশি আলোচনায় আসে। সে সময় তিনি মিয়ানমারের নির্বাচিত সরকারের প্রধান ছিলেন। হেগে গিয়ে দেশের পক্ষে আদালতে দাঁড়ানোর সিদ্ধান্তের জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ডের ওপর তার প্রভাব ছিল খুবই সীমিত। তবে সেনাবাহিনীর কর্মকাণ্ডের নিন্দা জানাতে তার অস্বীকৃতি অনেককে হতাশ করেছিল। একসময় যারা তার সাহস ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের প্রশংসা করতেন, তাদের অনেকেই এতে বিস্মিত হন।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গ্রেফতার হওয়ার পর মিয়ানমারের পক্ষে মামলাটির আইনি লড়াইয়ের দায়িত্ব নেয় সামরিক বাহিনীর নিয়োগ করা নতুন একটি দল।

গণহত্যার অভিযোগ প্রমাণের কঠিন পরীক্ষা

গণহত্যার অভিযোগ প্রমাণ করা অত্যন্ত কঠিন বলে বিবেচিত হয়েছে নানা সময়ে। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে বিচারকরা খুব কঠোর মানদণ্ড অনুসরণ করেন।

নাৎসিদের মতো আগে থেকে তৈরি গণহত্যার সুস্পষ্ট পরিকল্পনা না থাকলে আদালতে এমন প্রমাণ দিতে হয়, যাতে আসামিদের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্য ছাড়া অন্য কোনো কারণ থাকতে পারে না।

১৯৯৩ সালে বসনিয়া-হার্জেগোভিনা সার্বিয়ার বিরুদ্ধে আইসিজেতে গণহত্যার মামলা করেছিল। ১৪ বছর পর আদালত সিদ্ধান্তে পৌঁছায়, ১৯৯৫ সালে স্রেব্রেনিৎসায় গণহত্যার মতো কিছু ঘটনা গণহত্যার শামিল হলেও সার্বিয়া রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য ছিল—এমন যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবে গণহত্যা প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায়ে দেশটিকে দায়ী করা হয়।

মিয়ানমারের আইনজীবী ও অং সান সু চিও একই ধরনের যুক্তি দিয়েছেন।

সু চির বক্তব্য ছিল, গাম্বিয়ার আইনজীবীরা একটি জটিল সংঘাত ও সামরিক অভিযানকে ভুলভাবে উপস্থাপন করেছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত হয়ে থাকতে পারে বলে তিনি স্বীকার করলেও সেটি গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ নয়।

তবে আরসালান সুলেমানের বিশ্বাস, তাদের সংগ্রহ করা বিপুল পরিমাণ প্রমাণ আদালতের কঠোর মানদণ্ড পূরণ করার জন্য যথেষ্ট।

সুলেমান বলেন, ‘আমরা আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে দীর্ঘদিনের বৈষম্যের ইতিহাস তুলে ধরেছি। পাশাপাশি দেখিয়েছি, ২০১৭ সালের উচ্ছেদ অভিযানের পেছনে সরকারের বক্তব্য, প্রচার, নীতি ও কর্মকাণ্ড বুঝতে ওই ইতিহাস এবং সংশ্লিষ্ট নীতিগুলো কীভাবে প্রেক্ষাপট তৈরি করেছে।’

তিনি বলেন, ‘আমরা ১৯৮২ সালের নাগরিকত্ব আইন এবং বৈষম্যমূলক আইনের ক্রমবর্ধমান কঠোরতার বিষয়টি তুলে ধরেছি। এসব আইনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা, জীবিকা ও চলাচলের অধিকার সীমিত করা হয়েছিল। ফলে রোহিঙ্গাদের জীবন কার্যত অসম্ভব হয়ে উঠেছিল। আমাদের যুক্তি, গণহত্যার উদ্দেশ্যের বেশ কয়েকটি ইঙ্গিতের মধ্যে এটিও একটি।’

রায়ের পর কী হতে পারে?

আদালত যদি গাম্বিয়ার পক্ষে রায় দেন, তাহলে মিয়ানমারের নাম ইতিহাসে গণহত্যার মতো ‘সবচেয়ে গুরুতর অপরাধের’ সঙ্গে যুক্ত হবে। নাৎসি জার্মানি, রুয়ান্ডার হুতু সশস্ত্র গোষ্ঠী এবং স্রেব্রেনিৎসায় গণহত্যার জন্য দায়ী বসনীয় সার্বদের পাশে একই কাতারে দাঁড়াতে হবে দেশটিকে।

এমন রায় মিয়ানমারের বর্তমান শাসক জেনারেল মিন অং হ্লাইংয়ের জন্য বড় ধাক্কা হতে পারে। ২০১৭ সালে সামরিক বাহিনীর অভিযানের জন্য মূলত তিনিই দায়ী ছিলেন। সাম্প্রতিক মাসগুলোয় আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষতিগ্রস্ত ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা করছেন তিনি।

আইসিজের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের রায়ের সঙ্গে কোনো শাস্তির বিধানও যুক্ত নেই।

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতা মূলত প্রতিবেশী এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনে বেশি মনোযোগী। এশিয়ার দেশগুলো এমন একটি রায়ের প্রতি খুব বেশি গুরুত্ব দেবে না বলেই ধারণা করা হচ্ছে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও তার আগ্রহ তুলনামূলক কম, যদিও এসব দেশ রায়টিকে গুরুত্ব দিতে পারে।

তবে বিশাল রোহিঙ্গা প্রবাসী জনগোষ্ঠীর কাছে এ রায়ের গুরুত্ব অনেক বেশি।

বর্তমানে বাংলাদেশে দশ লাখের বেশি রোহিঙ্গা মানবেতর শরণার্থীশিবিরে আটকে রয়েছেন। সেখানে তাদের কাজ করার সুযোগ নেই। একইসঙ্গে আন্তর্জাতিক সহায়তার পরিমাণও কমে আসছে।

তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের প্রত্যাশা পূরণের পথে বড় ধরনের বাধা রয়েছে। রাখাইন রাজ্য এখন মিয়ানমারের সামরিক বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির সংঘাতে বিপর্যস্ত। রাজ্যটির বেশির ভাগ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। স্থানীয় রাখাইন জনগোষ্ঠীর সমর্থন রয়েছে তাদের প্রতি। এই জনগোষ্ঠী রোহিঙ্গাদের ফিরে আসার ধারণার ঘোর বিরোধী।

রোহিঙ্গাদের বহু গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। সাম্প্রতিক বছরে তাদের প্রতি আন্তর্জাতিক সমর্থনও কমেছে। বিশ্বের সর্বোচ্চ আদালতে গণহত্যার অভিযোগে নজিরবিহীন কোনো রায় এলেও এই বাস্তবতা বদলে দেয়া সম্ভব নয়।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন