নিজের নিরাপত্তা চেয়ে জিডি করলেন জোরারগঞ্জ থানার ওসি

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ২:৩৯ অপরাহ্ণ

হোয়াটসঅ্যাপে প্রাণনাশ ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি পেয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

 

জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে ওসির সরকারি মোবাইল নম্বরে বিদেশি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে হুমকিমূলক বার্তা পাঠানো হয়।

বার্তাগুলোতে ওসি ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেফতার না করতে সতর্ক করা হয়। গ্রেফতার অব্যাহত রাখলে তার জীবন বিপন্ন করার হুমকিও দেওয়া হয়। এমনকি একটি বার্তায় তাকে কাফনের কাপড় প্রস্তুত রাখতে বলা হয়।

 

এ ঘটনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল হালিম বাদী হয়ে ১৮ নভেম্বর জোরারগঞ্জ থানায় জিডি করেন। এটির নম্বর ৯০৪।

 

হুমকিদাতার ব্যবহৃত বিদেশি নম্বরটি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানা গেছে।

স্বত্ব ২০২৪-২০২৫ টেলিগ্রাম নিউজ | সম্পাদক : জসিম উদ্দিন

প্রিন্ট করুন