মাঠপর্যায়ে অপরিশোধিত ক্রুড লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য মণপ্রতি ৪২৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। লবণ চাষ ও উৎপাদন খরচ, পরিবহন ব্যয় এবং চাষিদের স্বার্থ বিবেচনায় এ দাম নির্ধারণ করা হয়েছে।
শিল্প মন্ত্রণালয়ে গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত লবণের চাহিদা নিরূপণ, লবণনীতি বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভায় অপরিশোধিত ক্রুড লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য নির্ধারণের সুপারিশ করা হয়। সভার সিদ্ধান্তে মাঠপর্যায়ে প্রতি মণ লবণের দাম ৪২৫ টাকা নির্ধারণের প্রস্তাব দেয়া হয়। এ সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের।
ওই সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মাঠপর্যায়ে অপরিশোধিত ক্রুড লবণের সর্বনিম্ন বিক্রয়মূল্য মণপ্রতি ৪২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
লবণের চাহিদা অনুযায়ী সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে মূল্য নিয়ন্ত্রণের বিষয়টিও এ সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনায় নেয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১২:০৭ অপরাহ্ণ