সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তেই বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। আদালতের রায় এবং সংসদীয় কমিটির সুপারিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে স্থায়ীভাবে বাতিল করা হয় সর্বজনগৃহীত এ ব্যবস্থা। রাজনীতিবিদ ও আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের মাধ্যমেই রাজনীতিতে শুরু হয় দীর্ঘস্থায়ী সংকট। আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতাকে চিরস্থায়ী করার সাংবিধানিক আয়োজন করে আওয়ামী লীগ।
১৯৯৪ সাল থেকে আড়াই বছরে ৯৬ দিন হরতাল, অবরোধ আর অসহযোগ আন্দোলন। তত্ত্বাবধায়কের পক্ষে শেখ হাসিনার ছিল জোরালো বক্তব্য। বিএনপি সরকারের বিরুদ্ধে এই আন্দোলনে আওয়ামী লীগের সঙ্গে এককাতারে ছিল জামায়াত, জাতীয় পার্টিসহ কয়েকটি দলও।
তীব্র আন্দোলনের মধ্যেও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে আবারও ক্ষমতায় এসে একটিমাত্র অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার বিল সংসদে পাস করে খালেদা জিয়ার সরকার। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৭ম জাতীয় সংসদ নির্বাচনে ২১ বছর পর ক্ষমতায় ফেরে আওয়ামী লীগ।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়া নির্বাচনে অষ্টম সংসদে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট এবং নবম সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এরপরই বাধে বিপত্তি।
নিজেদের আদায় করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিরুদ্ধে নানা বক্তব্য আসতে থাকে আওয়ামী লীগ নেতাদের পক্ষ থেকে। এরইমধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করে হওয়া দুটি মামলা হাইকোর্টে খারিজ হলেও আপিলের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ১০ মে ত্রয়োদশ সংশোধনীকে ভবিষ্যতের জন্য অসাংবিধানিক ঘোষণা করে সংক্ষিপ্ত এবং বিভক্ত আদেশ দেন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ বিচারপতিরা। একই সঙ্গে আদালত রাষ্ট্র ও জনগণের নিরাপত্তার স্বার্থে পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পক্ষে আদেশ আসে।
পঞ্চম সংশোধনী বাতিলের উচ্চ আদালতের রায় বাস্তবায়ন ও অবৈধভাবে ক্ষমতা দখল রোধে বিশেষ সংসদীয় কমিটি গঠন করে আওয়ামী লীগ সরকার। যদিও সে কমিটিতে বিএনপির প্রতিনিধি ছিলেন না। একাধিক বৈঠক শেষে অনির্দিষ্টকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার রেখেই সংবিধান সংশোধনের সর্বসম্মত সুপারিশ করে। ঠিক একদিন পরই ৩০ মে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার একক সিদ্ধান্তে পাল্টে যায় কমিটির সুপারিশ। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শরীফ ভূঁইয়া বলেন, কমিটি তত্ত্বাবধায়ক সরকার বহাল রাখতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছিল। এরপর ওই কমিটির চেয়ারপারসনের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি প্রাইভেট মিটিং হয়। রাতারাতি ওই সিদ্ধান্ত উল্টে দিয়ে বলা হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে রাখা হবে না। এটি পুরোপুরি হটকারী প্রক্রিয়া ছিল।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে শুরু হয় রাজনীতিতে দীর্ঘস্থায়ী সংকট। সারাদেশে আন্দোলনে নামে বিএনপি, জামায়াতসহ বিরোধী দলগুলো। কিন্তু বিরোধীদের ওপর দমনপীড়ন চালিয়ে বারবার একতরফা নির্বাচন করতে থাকে শেখ হাসিনা সরকার। দশম এবং দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করেন বিরোধীরা। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জোট অংশ নিলেও রাতের আধারেই রাষ্ট্রযন্ত্রের সহযোগিতায় আবারও ক্ষমতা দখল করে আওয়ামী লীগ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা নেতারা জানান, তত্ত্বাবধায়ক বাতিলের মধ্য দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী করার সাংবিধানিক আয়োজন করেছিল আওয়ামী লীগ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দেয়ার মধ্যদিয়ে একটি সাংবিধানিক আয়োজন তারা করেছে। তখনই বোঝা গিয়েছিল তারা নির্বাচন নির্বাচন খেলা করবে, ভোটের আয়োজন করবে। কিন্তু মানুষ আসলে ভোট দিতে পারবেন না।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এটি সুপ্রিম কোর্টের দ্বিধাবিভক্ত একটি রায় ছিল। এ ধরনের একটি রায়ে তৎকালীন চিফ জাস্টিসও পারশিয়ালিটি করলেন। তার নিজস্ব ভোটে তিনি এটি বাতিল করলেন। বিচার বিভাগে এটি লজ্জাজনক।
বিএনপি নেতারা জানান, একতরফা নির্বাচন নিশ্চিত করতেই আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, মুখোশধারী হিসেবে শেখ হাসিনা সবসময় গণতন্ত্রের কথা বলেছেন। কিন্তু ক্ষমতায় যখনই গেছেন ফ্যাসিবাদীর পক্ষ নিয়েছে। আর বিএনপি আগাগোড়া গণতন্ত্রের জন্য লড়াই করেছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, তারা (আওয়ামী লীগ) দেশের সর্বোচ্চ আদালতের কাঁধে বন্দুক রেখে তারা একটি জাজমেন্ট নিয়েছিলেন।
একের পর এক বিরোধী দলবিহীন নির্বাচনেও শেষ রক্ষা হয়নি স্বৈরাচারী শেখ হাসিনার। দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত জনতার ক্ষোভের আগুনে ২০২৪ এর ৫ আগস্ট পতন হয় ফ্যাসিবাদী শাসনের। আদালতের রায়ে আবারও ফিরে আসে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।

টেলিগ্রাম ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ । ১২:১১ অপরাহ্ণ